বঙ্গোপসাগরে বিরল প্রজাতির মাছের সন্ধান
অভ্যাসবশতই সোমবার কক্সবাজারের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে গিয়েছিলেন শৌখিন গবেষক রাগিবউদ্দিন আহমদ। মৎস্য অবতরণ কেন্দ্রে হঠাৎ করেই দেখতে পান বিরল প্রজাতির একটি মাছ। সঙ্গে সঙ্গেই দুই শ’ টাকা দামে কিনে ফেলেন মাছটি। তিনি বলছেন, মাছটির নাম ওশেন সান ফিশ। বাংলায় নাম নেই। কারণ এ অঞ্চলে মাছটি দেখাই যায় না। তবে একে সূর্য মাছ বলা যেতে পারে।
মাছটি লম্বায় আড়াই ফুট এবং ওজনে ছয় কেজি। দেখতে দেশীয় ‘মাইট্যা’ বা টোনা মাছের মতো। কিন্তু টোনা বা মাইট্যা মাছের লম্বা লেজ থাকলেও এ মাছটির সে অংশটি নেই। দেখে মনে হয়, ধারালো ছুরি দিয়ে পেছনের অংশ কেটে নেওয়া হয়েছে। মাছটির মুখ বৃত্তাকার। অন্যান্য মাছের মতো ওপরে নিচে চোয়াল নেই। মাছটি তার পেছনের ডানা দিয়ে ওপরে-নিচে খাড়াভাবে ওঠানামা করে। তবে অন্য মাছের মতো সামনে পেছনে সাঁতরাতে পারে না। এসব তথ্য জানিয়েছেন সামুদ্রিক মৎস্য গবেষণা ও প্রযুক্তি কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জলিলুর রহমান।
ড. জলিলুর রহমান ও রাগিব উদ্দিন আহমদ জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে প্রায় ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরের সাগর এ প্রজাতির মাছের আবাসস্থল। মূলত প্রবালের মধ্যেই এ মাছের বেড়ে ওঠা। আর খাদ্য হিসেবে এরা গ্রহণ করে শৈবাল।
তারা আরও জানান, এ প্রজাতির মাছেরা সাধারণত অগভীর পানিতে থাকে না। এরা থাকে সাগরের ৬০ থেকে ৮০ ফুট নিচে। এর বৈজ্ঞানিক নাম রানজানিয়া লেভিস (Ranzania Laevis), ইংরেজিতে বলা হয় ওশেন সান ফিশ (ocean sunfish) বা স্লেন্ডার ফিশ (slender sunfish)।
স্থানীয়ভাবে মাছটির নাম না থাকার কারণ হিসেবে জেলেরা জানান, ইতোপূর্বে সাগরে এ ধরনের কোনো মাছ জেলেদের জালে ধরা পড়েনি বা কেউ দেখেওনি।
কক্সবাজার শহরতলীর উত্তর নুনিয়াছড়া এলাকার জালাল আহমদ (৫৫) বঙ্গোপসাগরে ইঞ্জিন নৌকা নিয়ে মাছ ধরছেন প্রায় ৩০ বছর। তিনি জানান, তার দীর্ঘদিনের সাগরে বিচরণ এবং মাছ ধরাকালে এ রকম মাছ কখনো দেখতে পাননি।
তবে কক্সবাজার সামুদ্রিক মাৎস্য গবেষণা ও প্রযুক্তি কেন্দ্রের জাদুঘরে এ ধরনের একটি মাছ আছে, যা রেকটিফাইড স্পিরিট দিয়ে সংরক্ষণ করা হয়েছে। ওই মাছটি প্রায় পাঁচ বছর আগে ২০০২ সালের শেষের দিকে জেলেদের জালে ধরা পড়েছিল। ড. জলিলুর রহমানও মৎস্য অবতরণ কেন্দ্রে দেখতে পেয়ে মাছটি কিনে নিয়ে আসেন। সম্প্রতি পাওয়া মাছটি অবশ্য ওই মাছটির চেয়ে আকারে বড়।
২০০২ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সাগরের প্রায় ১৩০ ফুট গভীরতায় অনুরূপ একটি মাছ দেখার কথা জানিয়েছেন রাগিবউদ্দিন আহমদ। সেখানে স্কুবা ড্রাইভের সময় মাছটি দেখতে পান তিনি। রাগিব দীর্ঘ ১০ বছর ধরে স্কুবা ডাইভ করছেন। সাগরতলের রহস্যভেদের আগ্রহই তাকে এ পথে টেনে এনেছে।
রাগিবউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের এনএইউআই বা National Association of Underwater Instructors, USA কর্তৃক গভীর সমুদ্রে সাঁতার কাটার লাইসেন্সপ্রাপ্ত অন্যতম বাংলাদেশী।
মাছটিকে তিনি এখন বাংলাদেশ সামুদ্রিক মৎস্য গবেষণা ও প্রযুক্তি কেন্দ্রে রেখেছেন। তবে ভবিষ্যতে মাছটি তার নির্মাণাধীন পেঁওয়া বে পার্ক ও অ্যাকুরিয়ামে সংরক্ষণ করা হবে বলে জানান রাগিবউদ্দিন।
