জয়নাল হাজারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা
ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের প্রকাশিত শীর্ষ ৫০ জনের তালিকাভুক্ত জয়নাল হাজারী নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয়ে সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে রোববার দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সফিকুর রহমান ভুইয়া।
সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “নির্ধারিত ৭২ ঘন্টার মধ্যে হিসাব দাখিল না করায় তার বিরুদ্ধে জরুরী ক্ষমতা বিধিমালা-০৭ এর ১৫ এর ঘ (৫) এর আওতায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ ধারায় এই মামলা করা হয়েছে।”
মামলা গ্রহণ করে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম আসামী জয়নাল হাজারীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের সচিব দেলোয়ার হোসেন হাজারীর সম্পদের হিসাব দাখিলের জন্য ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ জারি করেন। কমিশনের কর্মকর্তারা হাজারীর মাষ্টার পাড়ার বাড়ি ‘শৈল কুটিরে’ নোটিশ ঝুলিয়ে দেন। কিন্তু এ বিষয়ে তার পক্ষ থেকে কোন ধরনের সাড়া না পাওয়ায় মামলাটি দায়ের করা হয়।
২০০১ সালের ১৭ আগস্ট থেকে হাজারী আত্মগোপনে আছেন।
