পাচারের সময় শ্রীমঙ্গলে ওএমএস ও কাবিখা চাল আটক
সরকারি গুদাম থেকে পাচারের সময় শ্রীমঙ্গলে ওএমএস ও কাবিখা কর্মসূচির প্রায় সাতশ বস্তা চাল আটক করেছে বিডিআর।
শনিবার সকালে শহরের নতুন বাজার এলাকায় চার ঘণ্টাব্যাপী অভিযানে এসব চাল আটক করা হয়।
এ ঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গলের ২ রাইফেলস্ এর উপ অধিনায়ক মেজর শাহেদ জানান, সরকারিভাবে বরাদ্দ করা ওএমএস এবং কাবিখা কর্মসূচির ৬৯৮ বস্তা চাল শনিবার সকালে শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদাম থেকে পাশে কমলগঞ্জ উপজেলা সরকারি খাদ্য গুদামে স্থানান্তরের কথা ছিল।
কিন্তু তা না করে নতুন বাজারের কয়েক ব্যবসায়ীর গুদামে পাঠিয়ে দেওয়া হয় এসব চাল।
খবর পেয়ে শ্রীমঙ্গলের ইউএনও সাইফুল ইসলাম ও এসি ল্যান্ড ফারুক আহমেদের নেতৃত্বে বিডিআর অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে।
এ সময় পাচার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়েছে।
