২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তিনটি অভিজাত হোটেলকে এক লাখ টাকা জরিমানা

খুলনা মহানগরীর তিনটি অভিজাত হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 04:46 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআই এর অনুমোদনবিহীন সামগ্রী ব্যবহার এবং পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে শনিবার তাদের ওই অর্থদণ্ড করা হয়।

ভেজালবিরোধী ওই অভিযানে নেতৃত্ব দেন খুলনা মহানগর হাকিম আতিকুল হক। অভিযানে জরিমানা করা হয় ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল, ক্যাসল সালাম ইন্টারন্যাশনাল ও রয়েল ইন্টারন্যাশনাল হোটেলকে।

আতিকুল হক জানান, হোটেল ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। এছাড়া ফ্রিজে পাওয়া যায় বাসি মুরগির মাংস, মেয়াদোত্তীর্ণ সস, নুডলস প্রভৃতি খাবার।

আদালত হোটেলটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে।

নগরীর সরকারি সিটি কলেজের পাশে হোটেল ক্যাসল সালাম ইন্টারন্যাশনালের রান্নাঘরে অভিযান চালিয়েও অপরিচ্ছন্ন অবস্থা দেখতে পায় আদালত, জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ সস। এ জন্য হোটেলটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্যাসল সালাম হোটেল থেকে মাত্র ৫০ গজ দূরের হোটেল রয়্যাল ইন্টান্যাশনালের রান্নাঘর থেকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, সস, জেলি জব্দ করা হয়। এছাড়া অনেক আগে রান্না করা খাবার গরম করে পরিবেশন করতে দেখে আদালত। এ হোটেলটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।