২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশী গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সাতক্ষীরার ভোমরা সীমান্তের ওপারে ভারতের খোজাডাঙ্গায় স্বামীকে আটকে রেখে মনোলতা মণ্ডল নামের এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের পর বিএসএফ শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ মনোলতা মণ্ডলের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সুরতহাল রিপোর্টে তাকে ধর্ষণ এবং শ্বাসরোধে হত্যার আলামত মিলেছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, খুলনার ডুমরিয়া থানার মনোলতা মণ্ডল (৩৫) স্বামী তরুণ মণ্ডল (৪০), মেয়ে পলি মণ্ডল ও আরেক মেয়ের জামাই রবিন মণ্ডলের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে বিনা পাসপোর্টে সাতক্ষীরার ভোমরা সীমান্ত পার হয়ে খোজাডাঙ্গায় যান।

এ সময় বিএসএফ সদস্যদের হতে ধরা পড়েন মনোলতা ও তরুণ। অন্যরা কোনোক্রমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

রাতে খোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তরুণ মন্ডলকে আটকে রেখে মনোলতার ওপর ‘পাশবিক নির্যাতন’ চালায়। এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। বিএসএফ ওই রাতেই মনোলতার লাশ সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রেখে যায়।

খবর পেয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এরপর ভোমরা ক্যাম্পের বিডিআরের সঙ্গে খোজাডাঙ্গা বিএসএফের এক পতাকা বৈঠকে তরুণ মণ্ডলকে হস্তান্তর করা হয়। পরে তরুণ মণ্ডল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা-৪১ রাইফেলস ব্যাটালিয়ানের কর্মকর্তা মেজর কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসএফ মনোলতাকে হত্যার কথা অস্বীকার করেছে। তবে পতাকা বৈঠকের পর তারা তরুণ মণ্ডলকে আমাদের কাছে হস্তান্তর করেছে।”