জাতিসংঘের এমডিজি’এস প্রকল্পের মাস্কট ‘বাঘা’
২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি’এস ) অর্জনের বিষয়টিকে উৎসাহিত করতে জাতিসংঘ রয়েল বেঙ্গল টাইগারকে বাংলাদেশে তাদের এমডিজি’এস প্রকল্পের মাস্কট নির্বাচন করেছে। তরুণ চেহারার এই মাস্কট বাঘটির নাম রাখা হয়েছে বাঘা।
শুক্রবার ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০০৫ সালে ব্রিটিশ হাই কমিশন ও ডিএফআইডির সহযোগিতায় জাতিসংঘের বাংলাদেশ অফিস আট পর্বের একটি কার্টুন ছবি নির্মাণ করে। বাঘা হচ্ছে সেই কার্টুন ছবির একটি চরিত্র। দেশের তরুণ সমাজের মধ্যে এমডিজি’এস প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়াই ছিল ওই কার্টুন ছবি নির্মাণের উদ্দেশ্য।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার জাতিসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জাতীয় প্রতীক ও আইকনগুলো কেবল জাদুঘরে রাখার বিষয় নয়। সময়ের চাহিদা মেটাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজকে উৎসাহিত করতেও এসব প্রতীক ব্যবহার করা উচিত”।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি লুই জর্জেস আর্সেনল্ট বলেন, “এমডিজি’এস এর ৮টি লক্ষ্যমাত্রার মধ্যে ৬টিতেই শিশুদের কথা বলা হয়েছে। আর শিশুদের কাছে পৌঁছানোর জন্য তথ্যসমৃদ্ধ মজার মজার কার্টুন ছবির বিকল্প আর কী হতে পারে?”
এ প্রসঙ্গের তিনি কার্টুন ছবি মিনার সাফল্যের কথা উল্লেখ করেন।
