সনদ বাতিলের বিরুদ্ধে ফয়জীর রিট শুনানির জন্য প্রস্তুত
জালিয়াতির দায়ে সনদ বাতিলের বৈধতার বিরুদ্ধে দায়ের করা বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর রিট এখন শুনানির জন্য প্রস্তুত হয়েছে। রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।
আদালত সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আগামী ১৫ এপ্রিল পুনরায় আবেদন জানাতে বিচারপতি ফয়জীর আইনজীবীকে পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি এস এম এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিচারপতি ফয়জীর কৌঁসুলী এ এফ এম সাইফুল করিম রিটটি চুড়ান্ত শুনারির তারিখ নির্ধারণের জন্য আবেদন জানালে এ পরামর্শ দেয় আদালত। সাইফুল করিম আদালতে বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আদালতের উচিত এর দ্রুত শুনানি করে নিষ্পত্তি করা। আদালত বলেন, এই মুহূর্তে এই আদালত কোনো নতুন মামলা শুনানির জন্য গ্রহণ করছে না। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে বিষয়টি আবার আদালতের দৃষ্টিতে আনার জন্য বিচারপতি ফয়জীর কৌঁসুলীকে পরামর্শ দেয় আদালত।
বিচারপতি ফয়জীর কৌঁসুলী এএফএম সাইফুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালিয়াতির অভিযোগে বিচারপতি ফয়জীর সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পর এর বৈধতা নিয়ে তিনি গত ১৯ মার্চ হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। হাইকোর্ট ওই দিন সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে দেয়। সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তার কারণ দেখানার জন্য হাইকোর্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, উপাচার্যসহ আট জনের প্রতি রুল নিশি জারি করে। গত ২ এপ্রিল সেই দুই সপ্তাহ সময় শেষ হয়েছে। ৩ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ ৮ জনের প্রতি রুল জারি হয়েছে। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে। তাই চূড়ান্ত শুনানির জন্য আদালতে আবেদন জানিয়েছি।
এদিকে বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র জানিয়েছে, বিচারপতি ফয়জী মামলাসহ পুরো বিষয়টির দ্রুত নিস্পত্তি চান।
ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমান হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩ মার্চ সিন্ডিকেটের এক সভায় ফয়সল মাহমুদ ফয়জীর সনদ বাতিল করে। ১০ মার্চ সনদ বাতিলের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিচারপতি ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক বৃহস্পতিবারও বসেনি বলে সুপ্রিম কোর্ট সূত্র সাংবাদিকদের জানিয়েছে। কাউন্সিল তাকে তলব করে কোন চিঠিও দেয়নি।
