২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরোসিনের দাম পুনর্বিবেচনা করতে অর্থনীতি সমিতির দাবি

কেরোসিন তেলের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষ ও কৃষকদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে বলে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “কেরোসিন সাধারণত গরিব লোকজন ব্যবহার করে বলে দাম বাড়ানোর ফলে এর নেতিবাচক একটা প্রভাব পড়বে।”

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে প্রাক্ বাজেট সভায় তিনি একথা বলেন।

বিইএ সভাপতি বলেন, “ডিজেলের দাম বাড়ানোর ফলে আমাদের সেচ কাজেও প্রভাব পড়বে। তাছাড়া কেরোসিন এবং ডিজেলের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতিও বেড়ে যাবে। মূল্যস্ফীতির সহনীয় মাত্রা চার শতাংশ হলেও ইতিমধ্যে এ হার সাত শতাংশে পৌঁছেছে। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পেতে পারে। এর প্রভাব যেমন গরীব লোকজনের ওপর পড়বে তেমনি কৃষি উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে।”

তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে, এর ফলে মূল্যস্ফীতির খুব একটা আশঙ্কা নেই।

সভা শেষে আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতি নির্ভর করে বাজারে পণ্যের চাহিদা এবং যোগানের ওপর। ঋণ প্রবাহ সংকুচিত করার সঙ্গে এটা সম্পর্কিত নয়। তবে ঋণ কমানোর ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে যেতে পারে।

বিইএ প্রতিনিধি আসন্ন বাজেটে মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ গুরুত্বারোপ করার জন্য উপদেষ্টাকে পরামর্শ দেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতি উপদেষ্টাকে করের আওতাবৃদ্ধি এবং কর প্রশাসনকে শক্তিশালী করার কথা বলেন। তারা কর মুক্ত আয়ের সীমা এক লাখ ২০ হাজার টাকা থেকে এক লাখ ৫০ হাজার এবং ১ লাখ ৭০ হাজার টাকার মধ্যে করার কথা বলেন।

আজিজুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। অর্থনীতিবিদরা তাদের পরামর্শ আলাদা আলাদা উপস্থাপন করেছেন। তবে আমি তাদের আনুষ্ঠানিকভাবে পরামর্শ পেশের কথা বলেছি।”

কর মুক্ত আয়ের সীমা বাড়ানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমার মনে হয় না বর্তমান কর মুক্ত আয় খুব একটা কম।”

সভায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।