তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ এপ্রিল পুনঃনির্ধারণ
চাঁদাবাজি মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে ১৭ এপ্রিল। হাইকোর্টে এ মামলা খারিজের আবেদন করা হয়েছে জানিয়ে তারেকের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেন।
সকাল ১১টায় ঢাকার দ্রুত বিচার ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক আবদুর রউফ খান এর আদালতে তারেকের আইনজীবীরা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা চলতে পারে না। এ মামলাটি খারিজের জন্য হাইকোর্টে আবেদন (কোয়াশমেন্ট) দেওয়া হয়েছে। এ অবস্থায় এর শুনানি মুলতবি করা প্রয়োজন।
এ সময় আদালত সময় মঞ্জুর করে বলেন, ‘কোয়াশমেন্ট’ আবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্টের একটি নিবন্ধন নম্বরও দেখা যাচ্ছে। কিন্তু দ্রুত বিচার আইন অনুযায়ী সাত দিনের বেশি সময় দেওয়া যায় না।
আইনজীবীরা এসময় বলেন, এক্ষেত্রে সাত দিনের বেশিই সময় দিতে হবে। কারণ, হাইকোর্ট এখন বন্ধ। ১৫ এপ্রিল খুলবে। ফলে ১৬ এপ্রিল হাইকোর্টে বিষয়টি উঠতে পারে। সে অনুযায়ী চার্জ শুনানির দিন ঠিক করার জন্য আদালতের প্রতি অনুরোধ জানান তারেকের আইনজীবীরা। এর পর আদালত ১৭ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
এছাড়া কারাবিধি অনুযায়ী কেন তারেক রহমানকে ডিভিশন দেয়া হয়নি-এ মর্মে কারা কর্তৃপক্ষের ওপর কারণ দর্শানোর জন্য আসামী পক্ষের আইনজীবীরা আদেশ চাইলে ম্যাজিস্ট্রেট তা না মঞ্জুর করেন।
আদালতে তারেক রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল। তাকে সহায়তা করেন সানাউল্লাহ মিয়া।
বেলা ১১টা ২৫ মিনিটে সাদা চেক শার্ট ও খাকি প্যান্ট পরা তারেক রহমানকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ওই সময় ক্লিন শেভড তারেক তার আইনজীবীদের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন।
এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ৮ মার্চ আমিন আহম্মেদ ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।
যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে। পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলাটি করেন।
চাঁদাবাজি মামলার বাদি এজাহারে বলেছেন, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।
এরপর তিনি বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরকে সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।
আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।
