২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনের অভিন্ন উপায় ঠিক করতে ব্যর্থ সার্ক নেতৃবৃন্দ

সুমন কে চক্রবর্তী, সিএনএন-আইবিএন এর সিনিয়র স্পেশাল প্রতিবেদক লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জন্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বরাবরের মতো চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী ঘোষণাতেও সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন সার্কভুক্ত আটটি দেশের শীর্ষ নেতৃবৃন্দ।

কিন্তু এবারো সন্ত্রাসবাদের কারণ নির্ধারণ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কীভাবে পরিচালিত হওয়া উচিৎ সে ব্যপারে অভিন্ন কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা।

এবারের সম্মেলনে সন্ত্রাসবাদ দমনে ‘কাগুজে’ অঙ্গীকারের পাশাপাশি সন্ত্রাসবাদীদের অর্থ সংগ্রহের পথ বন্ধ করতে, মাদক ও অস্ত্র চোরাচালান এবং নারী পাচার রোধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যপারেও একমত হয়েছেন তারা।

সন্ত্রাস দমনের জন্য বেশ কয়েকটি ঘোষণা ও একটি ‘টেরোরিজম মনিটরিং সেল’ গঠন করা হলেও গত দুই দশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সদস্য দেশগুলোকে কোনো যৌথ পদক্ষেপ নিতে দেখা যায়নি। ব্যতিক্রম নেই এবারও। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুমন কে চক্রবর্তী।

সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি স্পষ্ট হুমকি হিসেবে উল্লেখ করে এ ঘোষণায় সন্ত্রাস দমনে ভারতের নেওয়া যৌথ সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানানো হয়। ঘোষণায় সাফটা বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজসহ সার্কভুক্ত আটটি দেশের নেতৃবৃন্দ সার্ক ঘোষণা অনুমোদন করেন। ঘোষণায় নেতৃবৃন্দ ‘ট্রেড লিবারেলাইজেশন প্রোগ্রাম’ এর বাস্তবায়ন ও সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাজার উন্মুক্ত করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন।

২০০৬ সালের জুলাই মাসে সাফটা চুক্তির কার্যক্রম শুরু হলেও পাকিস্তান এখন পর্যন্ত ভারতীয় পণ্যের ‘পজিটিভ লিস্ট’ গ্রহণ করেনি। ভারত আমদানি পণ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা অপসারণ করছে না এ অভিযোগে পাকিস্তান ভারতীয় তালিকা গ্রহণ করতে অস্বীকার করে আসছে।

এদিকে বুধবার সার্ক শীর্ষ সম্মেলনের শেষ দিনে ইরানকে সার্কের পর্যবেক্ষক করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্ক ঘোষণাতেও ষষ্ঠ পর্যবেক্ষক দেশ হিসেবে ইরানকে স্বাগত জানানো হয়। পর্যবেক্ষক হওয়ার কারণে যুক্তরাষ্ট্র, ইওরোপীয় ইউনিয়ন, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি ইরানও এখন থেকে সার্ক সম্মেলনগুলোতে অংশ নিতে পারবে।

এবারের সম্মেলনে সার্ক উন্নয়ন তহবিল কার্যকর করা, দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় স্থাপন, সার্ক ফুড ব্যাংক গড়ে তোলা ও সার্ক আর্বিট্রেশন কাউন্সিল প্রতিষ্ঠার ব্যাপারেও সম্মত হন নেতৃবৃন্দ।

এছাড়া পানি, জ্বালানী, খাদ্য ও পরিবেশ ইস্যুতে অগ্রগতি অর্জনের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সদস্য দেশগুলোর অধিবাসীদের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারেও একমত হন তারা। এই সময়ের মধ্যে আটটি সদস্য দেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিয়ে ওই চারটি খাতে বিভিন্ন আঞ্চলিক প্রকল্প পরিচালনা করবে।

শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুদিনব্যাপী সম্মেলনের সমাপনী ঘোষণা করেন। তিনি বলেন, “এ অঞ্চলের বিপুল সংখ্যক দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠির অবস্থার উন্নতির জন্য আমাদেরকে দারিদ্র্য, নিরক্ষরতা ও রোগব্যাধির বিরুদ্ধে একযোগে লড়াইয়ে নামতে হবে। আর এজন্য আমাদেরকে পারস্পরিক দূরত্ব ঘুঁচিয়ে আঞ্চলিক সহযোগিতার পথ প্রশস্ত করতে হবে।”

এবারের সার্ক ঘোষণায় এ অঞ্চলের শান্তি ও উন্নয়ন জোরদার করার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ‘মিউচুয়াল ট্রান্সপোর্ট করিডোর’ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থী, ব্যবসায়ী ও ভ্রমণকারীদের জন্য আরো বেশি ভিসার ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়।

ট্রান্সপোর্ট করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয় ১৯৯৪ সালের সার্ক সম্মেলনে। কিন্তু গত ১৩ বছরে ব্যপারে আর কোনো অগ্রগতি হয়নি। এর আগে সার্কভুক্ত দেশগুলো ২০০২ সালের মধ্যে এ অঞ্চল থেকে দারিদ্র দূর করার কথা ঘোষণা করেছিল। কিন্তু একটি কমিটি গঠন ছাড়া এ ইস্যুতেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

ফুড ব্যাংক স্থাপন ও আঞ্চলিক উন্নয়ন তহবিল গঠনের বিষয়টি আগেও আলোচিত হলেও প্রস্তাবগুলো এখনো প্রস্তাবনা আকারেই রয়েছে।

গত ২২ বছরে সার্কের অধিনে একটি প্রকল্পও বাস্তবায়িত হয়নি। কিন্তু এবছর শক্তিশালী কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশ নেওয়ায় চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন শেষে সবাই আশা করছেন, এবার হয়তো সার্কের অগ্রযাত্রায় গতি সঞ্চার হতে পারে।