রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
রাজবাড়ীতে একটি ধর্ষণ মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ মোহাম্মদ আশরাফ হোসেন বুধবার বিকেলে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হচ্ছেন ইউসুফ, সিহাব ওরফে বিল্লাল, ফিরোজ এবং শামীম। এদের সবার বাড়ী গোয়ালন্দ উপজেলায়। অভিযুক্তদের মধ্যে ইউসুফ ছাড়া অপর তিনজন পলাতক রয়েছে।
২০০৪ সালের ২১ জুন এক কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা।
এ ব্যাপারে নির্যাতিতা বাদী হয়ে ওইদিন রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং কাগজপত্র পর্যালোচনা শেষে বুধবার এই রায় দেয়।
