২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসনকে সাহায্য করছে’

বাংলাদেশের সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সাহায্য করছে এবং তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই ‘সরকারের খোলসে সেনানিয়ন্ত্রিত সরকার’ নয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনায়েম সেনাপ্রধানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে বুধবার নয়াদিল্লিতে একথা বলেন। জানাচ্ছেন সিএনএন-আইবিএন এর সিনিয়র স্পেশাল করসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী...

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নয়াদিল্লি, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশের সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সাহায্য করছে এবং তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই ‘বেসামরিক সরকারের খোলসে সেনানিয়ন্ত্রিত সরকার’ নয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বুধবার নয়াদিল্লিতে একথা বলেন।

বাংলাদেশের ‘নিজস্ব ধারার গণতন্ত্র থাকা উচিত’ বলে বাংলাদেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেন। নয়াদিল্লিতে মুনয়েমের এ বক্তব্য সেনাপ্রধানের ওই মন্তব্যের প্রতিই প্রকাশ্য সমর্থন।

মুনয়েম বলেন, “কেউ যদি গণতন্ত্র নিয়ে কথা বলে তাতে তো দোষের কিছু নেই। তিনি (সেনাপ্রধান) এক সেমিনারে একথা বলেছিলেন এবং দেশে কী হওয়া উচিৎ আর কী হওয়া উচিৎ নয় তা নিয়ে তিনি প্রকাশ্য মন্তব্য করতেই পারেন।”

“সেনাবাহিনী আমাদের কাজে দারুণভাবে সহায়তা করছে। দেশে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আমাদের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দুর্নীতিবিরোধী তৎপরতায় সেনাবাহিনী প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে।”

তবে মুনয়েম জোর দিয়ে বলেন, সেনাবাহিনী অসামরিক প্রশাসনের কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করছে না।

গত বুধবার এক সেমিনারে বাংলাদেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বলেছিলেন, বাংলাদেশের জাতীয় পরিচয়ের একটি ধর্মের পাশাপাশি সামাজিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে নিজস্ব ধারার গণতন্ত্র থাকা উচিত।

তিনি আরও বলেন, সাবেক রাজনৈতিক ব্যবস্থা সমাজে ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে।