রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের আস্বাভাবিক মৃত্যু
রাজধানীর গুলশান, পল্লবী এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বুধবার পৃথক ঘটনায় তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
এদের মধ্যে বনানীতে গুলশান আরা বেগম (৫২), ঢাকা মেডিকেল কলেজে মুনীর হোসেন (২৭) ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং পল্লবীতে বাড়িওয়ালার নির্যাতনে কালা মিয়া নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক তাছলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান এক নাম্বারের ১৫ নাম্বার সড়কের এক নাম্বার বাড়ির বাসিন্দা গুলশান আরা বেগম ভোর তিনটার দিকে আটতলা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গুলশান আরা বেগম দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন বলে লাশের সুরতাহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের ড. ফজলে রাব্বী হলের চার তলার ছাদ থেকে পড়ে মুনীর হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মুনীর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী কুব্বাত আলীর ছেলে।
নিহতের মা আছিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকাসক্ত মুনীর বুধবার সকালে তার কাছে তিন হাজার টাকা দাবি করে। আছিয়া টাকা দিতে অস্বীকার করলে মুনীর ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এরপর সে একটি ব্যাগে কিছু পাটের দড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
মুনীরের মা আরও জানান, ছেলের পিছু নিয়ে তিনি তাকে হলে ঢুকে পড়তে দেখেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার এসআই মো. সরোয়ার জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
অপর ঘটনায় পল্লবী থানা এলাকায় বাড়িওয়ালার নির্যাতনে কালা মিয়ার নামে এক ভ্রাম্যমান কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
পল্লবী থানার কর্তব্যরত উপ-পরিদর্শক হায়াত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহতের ভাগ্নে আইয়ুব আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বাড়িওয়ালা আব্বুল জব্বারের ছেলে হারুনকে (২৬) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
