বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। নয়াদিল্লিতে সার্ক সম্মেলন চলাকালে বুধবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ। পাশাপাশি তিনি ৭০ কোটি (১০ মিলিয়ন ডলার) টাকা মূল্যের গম দেওয়ার প্রতিশ্রুতি দেন। নয়াদিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বিস্তারিত জানাচ্ছেন সিএনএন-আইবিএন এর বিশেষ সংবাদদাতা সুমন কে চক্রবর্তী।
আধ ঘন্টার বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের প্রুতিশ্রুতি দেন। সেইসঙ্গে বাংলাদেশে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে চলমান প্রক্রিয়ায় সহায়তা করারও প্রস্তাব দেন তারা।
প্রধান উপদেষ্টার সৈয়দ ফাহিম মুনয়েম নয়াদিল্লিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “পাকিস্তানের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা তৈরির কাজে দক্ষ বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দিয়ে বাংলাদেশে এই প্রক্রিয়ায় সহায়তা করার কথা বলা হয়েছে। এখন আমরা এই সহায়তা নেবো কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাই আমরা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো কথা দিইনি।”
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত মঙ্গলবার বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রকল্প অনুসরণের কথা বলার পর এখন পাকিস্তানও এই পদ্ধতি অনুসরণ করার আগ্রহের কথা জানিয়েছে। পাকিস্তানেরও বিশ্বাস এ পদ্ধতি বাস্তবায়ন করলে তা দেশে সুফল বয়ে আনবে। পাকিস্তান এরই মধ্যে তাদের দেশে ক্ষুদ্রঋণ প্রকল্প শুরু করেছে। তারা চায়, বাংলাদেশের ব্র্যাক ও গ্রামীণফোনের মতো এনজিওগুলোও তাদের দেশে বিশেষজ্ঞ পাঠিয়ে এ ধরনের প্রকল্প চালু করুক।
