২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বন্দর নগরীর বহদ্দারহাটে এবং চকরিয়ার খুটাখালি এলাকায় বুধবার ভোর রাতে দুটি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে এবং আট জন আহত হয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাতে বগুড়ায় এক দুর্ঘটনায় আরও তিনজন মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

মেডিকেল ও পুলিশের বরাত দিয়ে চট্টগ্রাম প্রতিনিধি জানান, নগরীর বহদ্দারহাট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে একটি দ্রুতগামী ট্রাক উল্টে অজ্ঞাত নামা এক ব্যক্তি নিহত এবং ইয়াসিন কবির (৪৫) এবং মো. মিজান (২৫) নামে দুই ব্যক্তি আহত হয়।

আহত দুইজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এস আই রতন সিংহ জানিয়েছেন।

অপর দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের খুটাখালিতে। একটি মাইক্রোবাস উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ড্রাইভারসহ দুই জন নিহত এবং ছয়জন আহত হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।

আহত মালেক (২৬), নজরুল (২০), জালাল (৪০), মোতালেব (১৮), মোস্তাক (৩৪) এবং শাহাবুদ্দিন (২০) বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তারা মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানা গেছে।

বগুড়া প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত ৯টায় জেলার আদমদিঘী উপজেলার মুরইল বাজার এলাকায় ইট বোঝাই একটি ট্রাক, চাউল বোঝাই অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিবপুর গ্রামের ইসমাইলের পুত্র আবদুল কুদ্দুস (৩২) মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত চাটখইল গ্রামের মোহাম্মদ আলী (৪০) ও একই গ্রামের আলীম উদ্দিনের পুত্র আনোয়ারকে (৩২) বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার ভোরে তারা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে আদমদিঘী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, ইট বোঝাই ট্রাকের চালক মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।