২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে হোটেল প্রহরী নিহত

রাজধানীর এলিফেন্ট রোডের আবাসিক হোটেল গাওছিয়ায় বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে এক প্রহরী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে হোটেলের আরো দুই কর্মচারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 02:54 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ জানায়, সকাল আটটায় মোটর সাইকেল নিয়ে তিন যুবক হোটেলের সামনে এসে প্রহরী আজাদকে (২৮) গুলি করে। পরে তারা দোতলায় অভ্যর্থনা কক্ষে গিয়ে জাহিদুল ও শাখাওয়াতকে গুলি করে।

খবর পেয়ে নিউমার্কেট থানার টহল পুলিশ হোটেলটিতে পৌছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ হোটেলে গিয়ে কোনো কর্মচারিকে পায়নি। ঘটনার পরপরই হোটেলের আবাসিকদের অধিকাংশই হোটেল ছেড়ে চলে যায়।

উপ-পরিদর্শক আওয়ালের নেতৃত্বে পুলিশের টহল দলটি আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে সাড়ে ৮টায় প্রহরী আজাদের মৃত্যু হয়। আহত অন্য দুই জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২/১, এলিফেন্ট রোডের হোটেল গাওছিয়ার মালিক নাহিদ, কামাল, বাবু ও অপর এক ব্যক্তি। এদের হাতিরপুলে ব্রাইটন নামে আরেকটি হোটেল রয়েছে। ২০০৬ সালে এই হোটেলে ব্যবস্থাপক হাবিব সন্ত্রাসীর গুলিতে নিহত হয়।

ঘটনার পর র‌্যাব-২ এর ক্যাপ্টেন সাজিদ এবং নিউমার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক জুবায়েরের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের দুটি দল হোটেলে যায়। তারা দুই জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেলের মালিকানার বিরোধ নিয়ে হত্যাকাণ্ডটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।