শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা
নারায়ণগঞ্জের-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে হাজির হয়ে সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে জেলা সিনিয়র স্পেশাল জজ আবদুল কুদ্দুসের আদালতে বুধবার দুপুরে এই মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ।
আদালত মামলাটি গ্রহণ করে আগামী সাত দিনের মধ্যে শামীম ওসমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বেনজীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘দুদক প্রকাশিত শীর্ষ ৫০ জনের তালিকায় নাম থাকা সাবেক সাংসদ শামীম ওসমান বেঁধে দেওয়া ৭২ ঘন্টা সময়ের মধ্যে হিসাব দাখিল না করায় তার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করা হয়েছে।’
এদিকে একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনের বিরুদ্ধে বুধবার সময় স্বল্পতার কারণে মামলা দায়ের করতে পারেনি কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, আদালতের কার্যসময়ের শেষ ভাগে এ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসে ফিরে যান কমিশনের কর্মকর্তা আবু সাঈদ ও আখতার হামিদ ভূইয়া।
বুধবার বিকেল ৩ টায় এই দুই কর্মকর্তা ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. মমিন উল্লাহর এজলাসে দুর্নীতি দমন আইনে হারিছ ও মামুনের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করতে এলে বিচারক তাদের বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সময় আসতে বলেন।
কমিশন গত ১৮ ফেব্রুয়ারি ৫০জন সন্দেহভাজন দুর্নীতিবাজদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে নিজের এবং স্ত্রী ও সন্তানদের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলেছিল।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির হিসাব জমা দিতে ব্যর্থ হওয়ায় এদের তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে আইনে। একই সঙ্গে অভিযুক্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার।
