২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ রাজনৈতিক নেতার আটকাদেশ অবৈধ ঘোষণা একমাস স্থগিত

জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আবেদন শুনানির জন্য গ্রহণ (লিভ টু আপিল মঞ্জুর) করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 01:32 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

একই সঙ্গে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদাসহ ৫৩ জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সরকারের দায়ের করা আপিল শুনানির জন্য তৈরি করতে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে আটকাদেশ পাওয়া রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্তত এক মাস কারাগারেই থাকতে হবে। অন্যদিকে আটকাদেশ চ্যালেঞ্জ করে এই সময়ে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারায় আবেদন করা যাবে না।

এটর্নি জেনারেল আদালতে উপস্থিত সাংবাদিকদের রায় ব্যাখ্যা করে বলেন, “আদালতের নির্ধারিত সময়ের মধ্যে আপিল শুনানির জন্য প্রস্তুত করবে।”

আটকাদেশ প্রাপ্তদের কৌঁসুলী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারার অধীনে কোন আটকাদেশের বৈধতা এক মাসের জন চ্যালেঞ্জ করা যাবে না। যতদিন পর্যন্ত এই আপিলের নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আসামীদের (আটকাদেশ প্রাপ্তদের) কারাগারেই থাকতে হবে।”

আটকাদেশ প্রাপ্তদের অপর কৌঁসুলী ব্যারিস্টার রফিক উল হক সুপ্রিম কোর্টের এই রায়ে হতাশা ব্যক্ত করে বলেন, “ফৌজদারি কার্যবিধির ৪৯১(৩) ধারায় আটকাদেশ এক মাস পর্যন্ত অবৈধ ঘোষণার এখতিয়ার হাইকোর্টের নেই।” তিনি বলেন, “আপিল শুনানির জন্য গ্রহণের ফলে পুরো বিষয়টি এক মাস পিছিয়ে গেল।”

১১ জানুয়ারি জরুরী অবস্থা ঘোষণার দিন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার উপ-পরিচালক আবুল কাশেম ও এডাবের পরিচালক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আটকাদেশ দেয় সরকার।

হাইকোর্ট গত ২৬ ফেব্রুয়ারি তাদের আটকাদেশ অবৈধ ঘোষণা করে। ২৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় ৫ মার্চ পর্যন্ত স্থগিত করে দেয়। পরে বিভিন্ন সময় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ-টু-আপিল দায়ের করে। এর ওপর ৫ দিন শুনানি গ্রহণ করে আপিল বিভাগ সরকারের আপিল শুনানির জন্য গ্রহণ করে (লিভ টু আপিল মঞ্জুর করে)।

অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীর আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে। আদালত এসব আপিল আবেদনের ওপর একসঙ্গে শুনানি গ্রহণ করে।

আটকাদেশ প্রাপ্তদের পক্ষে শুনানিতে অন্যান্যর মধ্যে অংশ নেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট ইনায়েতুর রহিম, নিজামুল হক নাসিম।