২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের হেফাজতে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পুলিশ হেফাজতে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তবে পুলিশ বলেছে, তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন ছিল।

এদিকে নিহত ব্যক্তিকে পুলিশ সন্ত্রাসী বললেও পরিবারের সদস্যরা তাকে একজন সাধারণ বর্গাচাষী বলে দাবি করেছেন।

নিহত নজরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মৃত হারুন মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজল গাড়ি পুলিশ ক্যাম্পের কর্তব্যরত কর্মকর্তা এসআই শফিকুর রহমান জানান, রোববার রাত সাড়ে এগারোটায় জীবন নগর উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ি থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী নুরুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে ২০ টি গুলি উদ্ধার করা হয়।

এরপর রাতভর নজরুল ইসলামকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালালে ভোর ৪ টার দিকে সে অজ্ঞান হয়ে পড়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, পুলিশ মৃত অবস্থায় নজরুল ইসলামকে ভোর ৪টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, নিহত নজরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানার একটি সন্ত্রাসী মামলার আসামী। তিনি এতোদিন পলাতক ছিলেন।

এদিকে নিহতের ভাতিজা আলমগীর হোসেন বলেছেন, তার চাচা গ্রামের নোংরা রাজনীতির শিকার। পাঁচবাড়িয়া গ্রামের এই রাজনীতি থেকে বাঁচতে পাঁচ বছর আগে তিনি চুয়াডাঙ্গার কাশিপুর গ্রামে সপরিবারে চলে আসেন। গ্রামের ইউসুফ আলীর বাড়িতে থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন তিনি। তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে।

এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।