কক্সবাজার থানায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস’ চালু
হয়রানিমুক্ত ও অল্প সময়ে সেবা দিতে কক্সবাজার থানায় সোমবার থেকে চালু করা হয়েছে ‘ওয়ান পয়েন্ট সেবা সার্ভিস’।
সকালে পুলিশ সুপার বনজ কুমার মজুমদার সার্ভিসটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমাম হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
নতুন সেবার আওতায় ‘সার্ভিস ডেলিভারি অফিসার’ হিসেবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবেন একজন জুনিয়র কর্মকর্তা। তার মাধ্যমে থানায় আসা যে কেউ তাৎক্ষণিক জিডি করতে পারবেন। এছাড়া তিনিই জানিয়ে দেবেন কোন কর্মকর্তাকে কখন পাওয়া যাবে বা মামলা দাখিল করতে হলে কার কাছে যেতে হবে।
সোমবার এই সার্ভিস চালু হওয়ার পর বেলা ১টা পর্যন্ত চারটি অভিযোগ জমা পড়েছে। প্রথম অভিযোগটি করেন ঝিনাইদহ থেকে আসা রবিউল আলম।
