নারায়ণগঞ্জের আরও দুটি খামারে ৬ হাজার মুরগী নিধন
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুটি পোল্ট্রি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ভাইরাস সংক্রমণের আশংকায় মেরে ফেলা হয়েছে প্রায় ছয় হাজার মুরগি।
ফতুল্লার চিশতিয়া এবং সিদ্ধিরগঞ্জের মুক্তা পোল্ট্রি খামারের ওই মুরগিগুলো প্রশাসনের উদ্যোগে গভীর রাতে মেরে তা মাটি চাপা দেওয়া হয়।
জেলায় এ পর্যন্ত মোট সাতটি খামারের ১২ হাজার মুরগি মেরে ফেলা হলো। এ ছাড়া অন্যান্য কারণে মারা গেছে আরও ১০ হাজার। সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলায় এসব মুরগি মেরে ফেলা হয়েছে।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের সোমবার বিকেলে জানিয়েছেন, খামার দুটিতে দুই শতাধিক মুরগির অস্বাভাবিক মৃত্যু হলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রমিত হতে পারে আশঙ্কায় খামারগুলোর অবশিষ্ট মুরগিও মেরে ফেলা হয়েছে।
এদিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ রোধে জেলার সর্বত্র নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। সিল করে দেওয়া হয়েছে সদর ও বন্দর উপজেলার সবগুলো হাঁস-মুরগির খামার। এসব খামার থেকে হাঁস-মুরগি বের করা বা ঢোকানো নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সতর্কতা জারি করা হয়েছে বন্দর উপজেলায়ও।
