২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার বৈধ অস্ত্রের সন্ধানে সরকার

হদিস না পাওয়া প্রায় ১০ হাজার বৈধ অস্ত্রের সন্ধানে নেমেছে তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্যেই নিরুদ্দিষ্ট প্রায় আড়াই হাজার পিস্তল ও রিভলবারের লাইসেন্সের মালিককে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে অস্ত্র আইনে মামলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, গত জোট সরকারের আমলে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান-অপারেশন ক্লিনহার্টের সময় প্রথম অস্ত্রের হিসাবের গরমিলের বিষয়টি নজরে আসে।

তিনি আরও বলেন, বৈধ অস্ত্রের প্রকৃত হিসাব বের করার উদ্যোগ নিয়েও “রহস্যজনক” কারণে তেমন কোন কার্যকর পদক্ষেপ না নিয়েই ক্ষমতা থেকে বিদায় নেয় তৎকালীন সরকার।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব মো.আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , “ছোট অস্ত্র অর্থাৎ রিভলবার ও পিস্তলের প্রকৃত হিসাব বের করা হয়েছে। বন্দুক, শট গান ও রাইফেলের হিসাব-নিকাশের কাজ চলছে। যেসব ব্যক্তি লাইসেন্সের বিপরীতে অস্ত্র কিনে লাইসেন্স নবায়ন করেননি অথবা বৈধ অস্ত্র সংক্রান্ত বিধি-বিধান মেনে চলছেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৫২ সাল থেকে এ পর্যন্ত ইস্যু করা অস্ত্রের মোট লাইসেন্সের সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৯১৪টি। তার বিপরীতে অস্ত্র কেনা হয়েছে এক লাখ ১৮ হাজার ৫১৫টি। অবশিষ্ট ৭৫ হাজার ৩৯৯টির মধ্যে প্রায় ২৫ হাজার লাইসেন্স বাতিল করেছে চারদলীয় জোট সরকার। বাকী লাইসেন্সের বিপরীতে কোন অস্ত্র কেনা হয়নি।

সূত্র আরো জানায়, মোট লাইসেন্সের বিপরীতে ছোট অস্ত্র কেনা হয়েছে নয় হাজার ৫৪৭টি। এরমধ্যে দু হাজার ৩৫১টি অস্ত্রের হদিস নেই।

ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রিভলবার ও পিস্তল জমা দেওয়ার নির্দেশ দিলেও এ অস্ত্রগুলো জমা পড়েনি।

অস্ত্রের মালিকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পাশাপাশি এসব অস্ত্র জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। যদিও ইস্যুকৃত মোট লাইসেন্সের মধ্যে ছোট অস্ত্রের লাইসেন্সের সংখ্যা কত সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও অস্ত্র জমা না দেওয়া, লাইসেন্স নবায়ন না করা, অস্ত্রের মালিক খুঁজে না পাওয়া এবং লাইসেন্সের যাবতীয় শর্ত পূরণ না করে অস্ত্র নেওয়ায় প্রায় ২৫ হাজার লাইসেন্স বাতিল করেছিল গত সরকার। তার মধ্যে আওয়ামী লীগ সরকারের দেওয়া প্রায় দুই হাজার লাইসেন্স রয়েছে।

আওয়ামী লীগ সরকার আমলে মোট ১৯ হাজার ১২৫টি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছিল। এর মধ্যে মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাসহ তাদের আত্মীয়দের নামে ঢালাওভাবে লাইসেন্স ইস্যু করায় প্রশ্নবিদ্ধ হয়েছিল তৎকালীন সরকার।

অন্যদিকে বিএনপি-জামায়াত জোট সরকার ইস্যু করেছিল ১ হাজার ২৭৪টি অস্ত্রের লাইসেন্স । এর মধ্যে অস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন মন্ত্রিসভার সদস্য ও জাতীয় সংসদ সদস্য ২৫০ জন, সরকারি আমলাদের মধ্যে সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তা, মন্ত্রীদের সহকারী একান্ত সচিব তিনজন, র‌্যাবের বিভিন্ন পর্যায়ের ১১০ জন সদস্য এবং সকল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার। এছাড়া কিছু শিল্পপতি এবং ব্যবসায়ীকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল।

২০০২ সালে অপারেশন ক্লিনহার্টের সময় সবধরনের আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ জারি করেছিল সরকার। সে সময় জমা পড়া অস্ত্র এবং লাইসেন্সের বিপরীতে কেনা মোট অস্ত্রের রেকর্ডের মধ্যে ব্যাপক গরমিল ধরা পড়ে। আর নির্দেশ থাকা সত্ত্বেও তখন সরকারের কাছে জমা পড়েনি লাইসেন্সের বিপরীতে কেনা প্রায় ১০ হাজার বড় ও ছোট অস্ত্র।

সে সময়ই সরকার অস্ত্রের প্রকৃত হিসাব বের করতে ১০১টি কমিটি গঠন করেছিল। কমিটিগুলো বৈধ অস্ত্রের গরমিলের জন্য চারটি প্রধান কারণ চিহ্নিত করে।

এগুলো হচ্ছে-অস্ত্রের লাইসেন্স নবায়ন না করা সত্ত্বেও বছরের পর বছর লাইসেন্সধারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, লাইসেন্স প্রদানকারী জেলা কর্তৃপক্ষের দপ্তরে নবায়ন না করে অন্য জেলায় নবায়ন করা, স্বাধীনতার আগে অবাঙালীদের নামে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল না করা এবং স্বাধীনতার যুদ্ধে ব্যবহৃত বেহাত হয়ে যাওয়া বৈধ অস্ত্রের তালিকা তৈরি না করা।