২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনী আইন লঙ্ঘন করলে সাত বছরের কারাদণ্ড’

নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ শাস্তি হিসেবে সাত বছরের কারাদণ্ড এবং প্রার্থীতা বাতিল করার মতো বিধান আনছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 11:52 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার দেওয়া এক টেলিফোন সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা বর্তমান নির্বাচনী আইন পর্যালোচনা করে দেখেছি, এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই আইন লঙ্ঘনের জন্য নানা রকম শাস্তির বিধানও রাখা আছে। কিন্তু বেশিরভাগ সময়েই এসব আইনের প্রয়োগ হয়নি। পরিবর্তিত পরিস্থিতে আমরা আইনগুলো সংস্কার করে তা বাস্তবায়ন করতে চাই।”

এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন জানান, সংস্কার করার পর গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে কমিশন লঘু ও গুরু এ দুই ধরনের শাস্তির বিধান আনছে।

লঘু দণ্ডের মধ্যে ১০ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা এবং গুরু দণ্ডের মধ্যে দুই থেকে সাত বছর কারাদণ্ড ও প্রার্থিতা বাতিল রয়েছে বলে তিনি জানান।

আচরণবিধি সংশোধন করে কমিশন আগাম নির্বাচনী প্রচারণা বন্ধ করতে চায়-এ কথা মনে করিয়ে দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “প্রচার-প্রচারণায় সব ধরনের ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধের বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। এছাড়া সাদা কালো পোস্টারে কোনো জাতীয় নেতা-নেত্রীর ছবি ব্যবহার না করে শুধুমাত্র দলীয় প্রধান, প্রার্থীর ছবি ও নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়টি তো থাকছেই।”

তিনি বলেন, “সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা সংস্কার আইনে কঠোর বিধান রাখা হচ্ছে। যদি প্রমাণ হয়, কোনো প্রার্থী সংখ্যালঘুদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিয়েছেন বা তাদের কোনো রকম ভয়-ভীতি দেখিয়েছেন, তাহলে তাকে গুরু দণ্ডে দণ্ডিত করা হবে। অর্থাৎ এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে সাত বছরের কারাদণ্ড এবং প্রার্থীতা বাতিল করা।”

১৯৯৬ সালে আবু হেনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) থাকার সময় নানা ধরনের নির্বাচনী আইনের সংস্কার করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে সে সময় তিনি পিছিয়ে যান। এবার কতটুকু সফল হওয়া যাবে বলে মনে করছেন?

এ প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, “এখন পরিস্থিতি পাল্টেছে বলে মনে হচ্ছে আমরা অনেকটাই সফল হতে পারবো। তাছাড়া আমরা যা করছি, তা রাজনৈতিক দল ও সুশীল সমাজের মতামত নিয়েই বাস্তবায়ন করব। ঘরোয়া রাজনীতির উপর নিষেধাজ্ঞা উঠে গেলেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করব। এর আগে হয়তো সুশীল সমাজের সঙ্গে আমরা আলোচনা শুরু করতে পারব। তবে সব সংস্কার আইনের খসড়া তৈরী করার পরেই আমরা এসব মতবিনিময় শুরু করতে চাই।”

সাবেক সিইসি আইন সংস্কার করে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করতে চেয়েও পরে দলগুলোর চাপের কারণে শেষ পর্যন্ত সফল হননি-এ উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা এবার এই নিবন্ধন বাধ্যতামূলক করার বিষয়ে সফল হতে চাই। আশা করি রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকেও এ বিষয়ে সমর্থন পাব। তাছাড়া আমরা এখন যে সব সংস্কার করছি, এর পক্ষে এখন এক ধরণের জনমতও তৈরী হয়েছে।”

সংস্কার আইনে ঋণ, কর, ও বিলখেলাপীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, প্রার্থীদের সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করা, প্রার্থীদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব দেওয়া ছাড়াও রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস প্রকাশ করা, স্বচ্ছ ব্যালট বাক্স ইত্যাদি থাকছে বলে জানান সাখাওয়াত হোসেন।