বসুন্ধরার দখলে রাজধানীর ২৮৮ বিঘা খাস জমি
বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে রাজধানীতে ২৮৮ বিঘারও বেশি খাস জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী এর দাম ৪০০ কোটি টাকারও বেশি। ভূমি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে থাকা দলিলপত্র অনুযায়ী, গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড রাজধানীর বাড্ডা এলাকার ২৮৮ বিঘা বা পাঁচ হাজার ৭৭৯ কাঠা খাস জমি দখল করে সরকারের কোনো ধরনের অনুমতি ছাড়াই প্লট আকারে সেগুলো বিক্রি করে দিয়েছে।
বাজারমূল্য অনুযায়ী বাড্ডা অঞ্চলে প্রতি কাঠা জমির দাম সাত লাখ টাকা। সেই হিসেবে পাঁচ হাজার ৭৭৯ কাঠা জমির দাম দাঁড়ায় ৪০৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা।
বাড্ডা এলাকায় অবৈধভাবে দখল করা ওই জমির বৈধতা দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটি পরে কেরানীগঞ্জ এলাকায় স্বল্পমূল্যের প্রায় সমপরিমাণ জমি সরকারকে ফেরত দেওয়ার প্রস্তাব দেয়।
দখল করা জমি অদল-বদল করার কোনো সরকারি নিয়ম না থাকলেও গত সরকারের সময়ে প্রভাবশালী কয়েক নেতা ও আমলা এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অবশ্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কিছু সদস্যের বিরোধিতার কারণে জমি অদল-বদলের এই প্রক্রিয়া বাস্তবায়ন হয়নি। কিন্তু ভূমি মন্ত্রণালয় এখন পর্যন্ত খাস জমি দখলের কারণে ইস্ট-ওয়েস্টে প্রপার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
ঢাকা জেলা প্রশাসক ড. এম এ মোমেন ২০০৪ সালের ৬ জুন ভূমি মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে জানান, ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট এর ৯৬ দশমিক ৩৩ একর বা ২৮৮ বিঘার বেশি খাস জমি দখল করেছে। বাড্ডা এলাকায় দখল করার জমির মৌজাগুলো হলো বড় বেড়াইদ, ছোট বেড়াইদ, বরুয়া, ডুমনী, পাতিরা, কাঠালদিয়া ও জোয়ার সাহারা।
এর পর ২০০৫ সালের ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শাহ মো. ইমদাদুল হক ওই প্রতিষ্ঠানের প্রকল্প এলাকায় খাস জমি উদ্ধার সম্পর্কিত এক প্রতিবেদনে উল্লেখ করেন, ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ওই বছরেরই ১৬ মার্চ দখল করা জমির সঙ্গে কেরানীগঞ্জ এলাকার কাজীরগাঁও, আব্দুল্লাপুর ও কুলমিরচক মৌজায় ৮২ দশমিক ৮০৬২ একর জমি অদল-বদলের প্রস্তাব দেয়। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যুগ্ম সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।
ওই কমিটি তিনটি সভা করে জমি অদল-বদলের পর্যালোচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা জমি অদল-বদলের জন্য সরকারের কাছে প্রস্তাব করেছিলাম কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।”
তিনি জানান, বসুন্ধরা গ্রুপের উচ্চ পদস্থ পর্যায়ের সব কর্মকর্তারা দেশের বাইরে অবস্থান করছেন।
