২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাংলা ভাইয়ের এক সহযোগী গ্রেপ্তার

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 02:57 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রোববার সকাল ১১টায় ভাটকৈ বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, গ্রেপ্তার জঙ্গি ইসমাইল মেম্বারের বিরুদ্ধে ২০০৪ সালের এপ্রিল ও মে মাসে বাংলা ভাইয়ের নেতৃত্বে পরিচালিত সর্বহারা নিধন অভিযানে সহযোগিতা, চামটা গ্রামের সুশান্ত ও সুফল নামের দুই যুবককে অপহরণের পর হত্যা করে লাশ গুম এবং চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ওই দুই যুবককে অপহরণ করে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাণীনগর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।