জঙ্গি মদদদাতাদেরও ছাড়া হবে না: আইন উপদেষ্টা
জঙ্গি মদদদাতাদেরও ছাড়া হবে না। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার ব্যাংকক থেকে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, “জঙ্গি মদদদাতাদের নাম আমাদের কাছে আছে। তাদের ধরা হবে।”
উপদেষ্টা জানান, এসব মদদদাতারা দেশের ভিতরেই রয়েছেন। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে সরকার ধীরে এগুচ্ছে।
মইনুল হোসেন বলেন, “আমরা কাজ করে যাচ্ছি। তাড়াহুড়ো করার কিছু নেই।”
আইন উপদেষ্টা আরও বলেন, জঙ্গি গডফাদারদের ধরার জন্য পর্যাপ্ত ও সুস্পষ্ট আইনের প্রয়োজন রয়েছে। বিদ্যমান আইনে সন্ত্রাসবাদের সংজ্ঞা সম্পর্কে পরিষ্কার কিছু বলা নেই।
দুই বিচারককে হত্যার দায়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ ছয় জঙ্গির ফাঁসি কার্যকরের একদিন পরই আইন উপদেষ্টা এ কথা বললেন।
একই দিন পুলিশের প্রধান (মহাপরিদর্শক) নূর মোহাম্মদ একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, জঙ্গি মদদদাতাদের অঞ্চলভিত্তিক তালিকা আমাদের হাতে রয়েছে। তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় জঙ্গিবাদের উত্থান হয়েছে।
নুর মোহাম্মদ জানান, দেশের উত্তরাঞ্চলে জঙ্গিবাদ উত্থানের সময় তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন। জনগণের সহায়তায় এই উত্থানে বাধা দিতে চেয়েছিলেন। কিন্তু কিছু লোকের ‘প্রভাব’--এর কারণে তিনি ব্যর্থ হন।
তিনি অবশ্য ওইসব লোকের নাম বলেননি।
