২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটি খসড়াকে নয় বছরেও আইনে রূপ দিতে পারিনি’

দেশে ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে অতিদ্রুত ভোক্তা সংরক্ষণ আইন প্রণয়ন করা জরুরি। এই আইন না থাকায় প্রতিনিয়ত ভোক্তাদের প্রতারিত করে মুনাফা গুনছে অসাধু ব্যবসায়ীরা। ভেজাল ও বিষাক্ত খাদ্যদ্রব্য খেতে হচ্ছে ভোক্তাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শনিবার বিকালে চিটাগাং প্রেসক্লাবে এক মতবিনিয়ম সভায় বক্তারা ভোক্তা সংরক্ষণ আইনের খসড়াটিকে আইনে রূপ দেয়ার আহবান জানিয়ে এ কথা বলেন।

দ্য কনজ্যুমারস ট্রাস্টের (টিসিটি) উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তারা বর্তমান সরকারকে ১৯৯৮ সালে প্রণীত এবং ২০০৬ সালে সংশোধিত খসড়া ভোক্তা সংরক্ষণ আইনের চূড়ান্ত রূপ দেওয়ার আহবান জানান।

তারা বলেন, দেশের মানুষকে ভেজাল ও বিষাক্ত খাদ্যদ্রব্যের হাত থেকে বাঁচাতে এই আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে হবে।

সভার শুরুতে ‘বাংলাদেশ ভোক্তা সংরক্ষণ আইন: এই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক ব্যারিস্টার তুরিন আফরোজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিসিটির পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান, টিসিটির সদস্য শামীম আফজাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হোসাইন কবির, উন্নয়ন কর্মী জেসমিন সুলতানা, অ্যাডভোকেট ওয়াহিদা ইদ্রিস, শাহরিয়ার খালেদ, সাংবাদিক কাজী আবুল মনসুর প্রমুখ।

লিখিত প্রবন্ধে ড. তুরিন আফরোজ বলেন, বিশ্বায়নের যুগে বর্তমানে দেশে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে একটি আইন নেই ভাবতেই অবাক লাগে। নেপালের মতো দেশে যেখানে ক্রেতাদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় সেখানে আমরা একটি খসড়াকে দীর্ঘ নয় বছরেও আইনে রূপ দিতে পারিনি।

তিনি বলেন, রাজনীতিবিদরা অন্যসব বিষয়ে হরতাল ধর্মঘট করলেও ভোক্তাদের অধিকার নিয়ে কখনও সোচ্চার হননি। যার ফলে আজ দেশের সবাইকে প্রতিনিয়ত ভেজাল ও বিষাক্ত খাবার খেতে হচ্ছে।

সভায় বক্তারা ভেজাল ও বিষাক্ত পণ্য সামগ্রী বাজারজাত করার জন্য দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেওয়ার পাশাপাশি খাদ্যের মান নিয়ন্ত্রনের জন্য বিএসটিআই, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।