আরও দুটি খামারে এভিয়ান ফ্লু
সারাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত খামারের সংখ্যা ১৪ থেকে বেড়ে শুক্রবার পর্যন্ত ১৬-তে দাঁড়িয়েছে। আক্রান্ত মুরগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৩৪-এ । মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং কক্ষ শনিবার এ তথ্য জানায়।
মনিটরিং কক্ষের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বন্দর থানায় সোনাকান্দি গ্রামে দুইটি খামারের মুরগি এভিয়ান ফ্লু রোগে আক্রান্ত হয়েছে। এই দুই খামারে আক্রান্ত মুরগির সংখ্যা এক হাজার ৬৮০। এ নিয়ে বন্দর থানায় মোট পাঁচটি খামারে রোগাক্রান্ত মুরগির সংখ্যা আট হাজার ৪৮০ তে দাঁড়িয়েছে। আক্রান্ত মুরগির মধ্যে ছয় হাজার ৫৪৯টি ইতোমধ্যেই মেরে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।
মনিটরিং কক্ষ সূত্র জানায়, সারাদেশের এক লাখ ৫০ হাজার খামারে প্রায় ২২ কোটি মুরগি রয়েছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে পাঁচটি জেলার ১৬টি খামারের ৭৬ হাজার ৮৩৪টি মুরগি। এর মধ্যে আছে সাভারের চারটি খামারে ৪২ হাজার ৫৪৬টি, গাজীপুর সদরের দুইটি খামারে ১৩ হাজার ৯২টি, টাঙ্গাইলের ভূয়াপুরের একটি খামারে দুই হাজার চারটি, জামালপুরের সরিষাবাড়ির চারটি খামারে নয় হাজার ৫১৭টি এবং নারায়ণগঞ্জের পাঁচটি খামারে আট হাজার ৪৮০টি। এগুলোর মধ্যে শুক্রবার পর্যন্ত ৫৭ হাজার ৪০২টি মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
মুন্সিগঞ্জের একটি এবং বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি খামারে এক হাজার ১৯৫টি মুরগি মারা গেলেও ঠিক কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে ব্যাপারে মন্ত্রণালয় নিশ্চিত হতে পারেনি বলে মনিটরিং কক্ষে দায়িত্বরত কর্মকর্তারা জানান।
