নারায়ণগঞ্জে ৬০টি ঘর পুড়ে ছাই
শহরের পশ্চিম মাসদাইর এলাকায় শনিবার সকালে আগুনে ৬০টি ঘর পুড়ে গেছে। এতে গৃহহীন হয়েছে ৫০টি পরিবার।
দুটি ফায়ার স্টেশন কর্মীদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টায় শামসুদ্দিন ও আবদুল মোতালেবের মালিকানাধীন ঘরে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে।
মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা এরপর ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গৃহহীন অর্ধশতাধিক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছে।
আগুনে ৬০টি ঘরের আসবাবপত্র, কাপড়--চোপড় ও নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
