রিমান্ড শেষে সাবেক সাংসদ সালাউদ্দিন কারাগারে
শ্যামপুর থানায় দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলায় দুই দিনের রিমান্ড শেষে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
বিকেল ৪টায় মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দোলার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুর খানের তদন্ত প্রতিবেদনে বলা হয়, একই নম্বরের প্লেট লাগিয়ে সালাউদ্দিন দুটি গাড়ি লিংকন নেভিগেটর ও পাজেরো চালাতেন।
এর আগে গত সপ্তাহে মহানগর দায়রা জজ আদালতে অস্ত্র ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১২ জানুয়ারি সালাউদ্দিন আহমেদ ঢাকা মুখ্য মহানগর অদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। যাত্রাবাড়ি, শ্যামপুরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, জমি দখলসহ মোট ১২টি মামলা আছে।
