রোববার ঈদ-ই-মিলাদুন্নবী
রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম এবং ওফাতের পুণ্যস্মৃতি বিজড়িত দিন।
৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল এর এদিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জশনে জুলুশ, আলোচনা সভা, মিলাদ শরিফ, ফতেহা পাঠ ও দোয়া মাহফিল।
ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার, আলোচনা সভা, মহিলাদের জন্য সেমিনার, ইসলামী পুস্তক প্রদর্শনী, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হামদ নাত মাহফিল। রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলা একাডেমী আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন মহাসম্মেলন ও জশনে জুলুশের আয়োজন করেছে। আন্জুমান রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়া মিরপুর--১ নম্বর শাহআলী বাগ খানকায় মিলাদ মাহফিল ও জশনে জুলুশের আয়োজন করেছে। এছাড়াও নন্দলাল দত্ত লেনের নূরানী জামে মসজিদ, আন্তর্জাতিক হুব্বুর রাসুল (দ.) ঐক্য পরিষদ, দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরিফও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
