২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের ফাঁসির খবরে স্বস্তি বাগমারাতে

জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের প্রধান ঘাঁটি ছিল রাজশাহীর বাগমারায়। সর্বহারা নিধনের নামে সহযোগীদের নিয়ে সে দীর্ঘদিন সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রায় তিন বছর বাদে বাংলাভাইয়ের ফাঁসির খবরে স্বস্তি ফিরেছে বাগমারাবাসীর মাঝে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

২০০৪ সালের ১ এপ্রিলে বাংলাভাই বাগমারার পলাশি গ্রামে প্রথম হত্যাকাণ্ড ঘটায়। নাটোরের সরগাতিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক মনোয়ারুল ইসলাম বাবুকে সর্বহারা দাবি করে বাংলাভাই ও তার সহযোগীরা পিটিয়ে হত্যা করে পলাশী গ্রামে। এর পর থেকে সেখানে একের পর এক চলেছে বিরুদ্ধ পক্ষের ওপর নির্মম নির্যাতন।

বাগমারার হামির কুৎসা গ্রামে ছিল বাংলাভাইয়ের নির্যাতন ক্যাম্প। তার বাহিনীর নির্যাতনে বাগমারায় বাবু ছাড়াও নিহত হয়েছেন শহিদুল ইসলাম, আবু তালেব, দীপঙ্কর, ইয়াসিন আলী, আলী আকবর, মাহবুবুর রহমান ও গোলাম রব্বানী। এদের মধ্যে শহিদুল ও আবু তালেবের লাশও ফেরত পাননি স্বজনরা। জেএমবির নির্যাতনে এ সময় পঙ্গু হন কয়েকশ মানুষ।

জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর বাগমারায় বাংলাভাইয়ের দ্বারা নির্যাতিত মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিছুটা নিয়ন্ত্রিত হলেও এলাকার সাধারণ মানুষের লক্ষ করা গেছে উচ্ছ্বাস।

বাংলাভাইয়ের সহযোগীদের হাতে গুম হওয়া আবু তালেবের মা রাবেয়া বেগম বাংলাভাইয়ের ফাঁসির কথা শুনে আনন্দে কেঁদে ফেলেন। তবে ছেলের লাশটিও দেখতে না পাওয়ার বেদনা এখনো তাকে তাড়া করে বেড়ায় বলে জানান রাবেয়া বেগম।

বাংলাভাইয়ের সহযোগীদের হাতে নিহত গোলাম রব্বানী মুকুলের ভাই বাগমারা কনপাড়ার গোলাম মোস্তফা বাবলু জানান, জঙ্গিদের ফাঁসি হওয়ায় তারা খুশি। এ ঘটনায় বাগমারার সাধারণ মানুষও খুশি হয়েছে।

নির্যাতিত ফজুলুর রহমান বলেন, “আমাকে হামির কুৎসা ক্যাম্পে নিয়ে গিয়ে বাংলাভাইয়ের ক্যাডারা নির্মম নির্যাতন করেছে। তার নির্দেশে শতাধিক লোককে পঙ্গু করা হয়েছে। এমন একজনের ফাঁসি হওয়ায় সবাই খুশি হয়েছে।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় সবার মধ্যেই প্রাণসঞ্চার হয়েছে। অনেকদিন পর বাগমারায় ভালো লাগার মতো একটু পরিবেশ পাওয়া গেছে।