২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুর---শিয়ালদহ যাত্রীবাহী ট্রেন চলাচল অনুমোদন

জয়দেবপুর থেকে ভারতের শিয়ালদহ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 10:41 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি প্রস্তাবিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর করার বিষয়টি চূড়ান্ত করা হয়।

বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।

এছাড়া বৈঠকে সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার মানজারুল ইসলাম রানা ও সেতুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে মালবাহী ট্রেন চলাচল শুরু করা সম্ভব কিনা সেটি যাচাই করে দেখার প্রস্তাবও চূড়ান্ত করা হয়।

সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এবং সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত দেশগুলো স্বাক্ষর করবে।

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস হবে দিলি¬তে। তবে বিশ্ববিদ্যালটির বিভিন্ন অনুষদ বা বিভাগ সার্কের অন্যান্য দেশে হতে পারে বলে তিনি জানান।

সৈয়দ ফাহিম মুনয়েম আরো জানান, ক্রিকেটার মানজারুল ইসলাম রানার পরিবারকে তিন লাখ টাকা এবং সেতুর পরিবারকে এক লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার তাদের পরিবারের সদস্যদের কাছে চেক দেওয়া হবে।