আদালতের নির্দেশে নানক,আজম ও আকবর সোবহানের সম্পত্তির হিসাব নিল দুদক
আদালতের নির্দেশে বৃহস্পতিবার যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মীর্জা আজম এবং বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সম্পত্তির বিবরণী জমা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার হাইকোর্ট নানকের স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু নার্গিস ও মীর্জা আজমের স্ত্রী আলেয়া আজমের আলাদা আবেদনের প্রেক্ষিতে তাদের প্রতিনিধির মাধ্যমে সম্পত্তির হিসাব গ্রহণের জন্য কমিশনকে নির্দেশ দেয়।
কমিশনের কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু এবং মীর্জা আজমের স্ত্রী আলেয়া আজম বৃহস্পতিবার বিকেল ৫টায় কমিশনের পরিচালক নাসরিন আরার সুরাত আমিনের কাছে সম্পত্তির বিবরণী জমা দেন।
অন্যদিকে বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে তার একজন আইনজীবী পরিচালক আব্দুল ওয়াদুদের কাছে সম্পত্তির হিসাব জমা দেন।
গত ১৮ ফেব্র“য়ারি কমিশন ৫০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে হাজির হয়ে তাদের নিজের ও স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলেছিল। তাদের মধ্যে ৩২ জন সম্পত্তির হিসাব জমা দিতে এসে অথবা জমা দেওয়ার আগেই গ্রেপ্তার হন। সম্পত্তির হিসাব না দেওয়া ১৫ জনের মধ্যে ৮ জন উচ্চ আদালতের রায়ে তাদের প্রতিনিধিদের মাধ্যমে জমা দিয়েছেন। বাকি ৭ জন এখনো সম্পত্তির হিসাবের বিবরণী জমা দেননি।
