২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের উচ্ছেদ অভিযান চলকালে গ্যাস পাইপলাইনে ফাটল

রাজধানীর পান্থপথ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনার অংশ বিশেষ গুঁড়িয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অভিযান চালায়।  

দিনভর অভিযানে রাজউকের দল ফিরোজ টাওয়ার, মেডালিয়ন ফার্নিচার, প্রোটন গাড়ির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র, কনকর্ড রিজেন্সী এবং অর্কিড চাইনিজ রেস্টুরেন্টসহ অসবাবপত্র, রেস্টুরেন্ট এবং ঔষুধের দোকানের শতাধিক স্থাপনার অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

অভিযান চলাকালে দুপুর সাড়ে ১২ টার দিকে পান্থপথ মোড়ে গোলাম মাওলা নামে এক ব্যবসায়ীর বাড়ির অবৈধ স্থাপনা ভাঙ্গার সময় গ্যাসের পাইপলাইনে ফাটল দেখা দেয়। এ সময় তীব্র শব্দে পাইপ দিয়ে গ্যাস বের হতে থাকলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আধঘন্টা পর দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা বসে থাকে। প্রায় দেড় ঘন্টা পর দুপুর দুইটায় তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টা চেষ্টা চালিয়ে গ্যাস উদগীরণ বন্ধ করে। এ সময় নগরীর ব্যস্ততম পান্থপথ ও গ্রীনরোড এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

বাড়ির মালিক গোলাম মাওলা অভিযোগ করেন কোন প্রকার নোটিশ না দিয়েই রাজউকের দল তার স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করে। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট ইমদাদুদ দস্তগীর এ অভিযোগ অস্বীকার করেছেন।