মোরেলগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার, গৃহবধূর আত্মহত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার খাল থেকে মোসাম্মত বরুজান বিবি (৭০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বুধবার রাতে আত্মহত্যা করেছে গৃহবধূ সাহিদা বেগম (৩০)।
মোরেলগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই সঞ্জিত চন্দ্র শীল জানান, মোরেলগঞ্জের চিংড়িখালী খাল থেকে পুলিশ বৃহস্পতিবার ভোরে বরুজান বিবির ভাসমান লাশ উদ্ধার করে। সে উত্তর চিংড়িখালী গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের স্ত্রী। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
অন্যদিকে, বিশারীঘাট এলাকার হেমায়েত হোসেন শেখের স্ত্রী সাহিদা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। বুধবার গভীর রাতে বাড়ির পাশের গাছে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।
এ দুটি ঘটনায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
