জঙ্গি হামলার আশংকায় চট্টগ্রাম কারাগারে সর্বোচ্চ নিরাপত্তা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির নাশকতার আশংকায় বুধবার বিকাল থেকে চট্টগ্রাম কারাগারে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম কারাগারে এখন ২১জন স্বঘোষিত জঙ্গি আটক রয়েছে। শীর্ষ ছয় জঙ্গি নেতার ফাঁসির আপিল রাষ্ট্রপতি বাতিল করে দিলে এই কারাগারের জঙ্গিরা গত সপ্তাহে অনশনের হুমকি দিয়েছিল। এরপর কারা কর্তৃপক্ষ তাদের কর্মসূচি যাতে বাস্তবায়িত হতে না পারে সেজন্য গত সপ্তাহে এই কারাগার থেকে তিন শীর্ষ জঙ্গিকে সিলেট ও হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করে।
কারাগার সূত্র জানায়, জঙ্গিদের হামলার আশংকায় চট্টগ্রাম কারাগারে এখন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। বুধবার বিকেল থেকে এ কারাগারে অতিরিক্ত নিরাপত্তা কর্মী বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।
কারাগার সংশি¬ষ্ট সূত্র জানায়, বুধবার বিকাল থেকে কারাগারে ২০ জন বিডিআর সদস্যকে সার্বক্ষণিক সতর্কাবস্থায় রাখা হয়েছে। তারা আদালত প্রাঙ্গণে অস্থায়ী ভিত্তিতে একটি ক্যাম্পও বসিয়েছে।
এছাড়া চট্টগ্রাম কারাগারে অতিরিক্ত ১০ জন পুলিশ নিয়োগ করা হয়েছে। বর্তমানে কারাগার অভ্যন্তরে কারারক্ষীর সংখ্যা বাড়িয়ে প্রায় সাড়ে তিনশ করা হয়েছে।
চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ ইকবাল হোসেন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কথা স্বীকার করে বলেন, “সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “জেএমবির শীর্ষ ছয় জঙ্গির ফাঁসির আর খুব বেশি দেরি নেই। এ কারণে সরকারের উচ্চ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের পক্ষ থেকে সারাদেশে কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কারাগারে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।”
ইকবাল হোসেন বলেন, “জঙ্গিরা এর আগে আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছিল। এবার তারা কারাগারকে হামলার জন্য বেছে নিতে পারে এ আশংকায় সর্বোচ্চ সর্তকতা নেওয়া হয়েছে।”
কারাগারের সিনিয়র জেল সুপার বজলুর রশীদও অতিরিক্ত বিডিআর নিয়োগ করা হয়েছে বলে জানান।
তিনি বলেন, “কারাগারে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য সবসময় নজর রাখা হয়।”
