২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করদাতা চিহ্নিত করতে এনবিআর এর জরিপ শুরু

নতুন করদাতা চিহ্নিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের জরিপ আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষের কর চিহ্নিতকরণ নম্বর (টিআইএন) থাকলেও এর মাত্র অর্ধেক আয়কর জমা দিয়ে থাকেন। এ সংখ্যা বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন করে সদস্য নিয়ে মোট সাতটি দল ঢাকা মেট্রোপলিটন এলাকায় জরিপ কাজ চালাবে। এ কর্মসূচি চলবে তিন মাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 09:30 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেছেন, “ঘরে ঘরে যাওয়ার প্রোগ্রাম এখন নেই। প্রাথমিকভাবে বিভিন্ন ব্যবসাায়িক প্রতিষ্ঠান ক্লিনিক, যেমন কোচিং সেন্টারসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়া হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব পেশাজীবীদের কাছে যাওয়া হবে। পুরনো করদাতাদের শুধু টিআইএন দিলেই চলবে আর কিছু দিতে হবে না। আর নতুনদের কাছে সাধারণ একটি ফর্ম নিয়ে যাওয়া হবে।”

সাধারণ নাগরিকদের একারণে কোনোরকম হয়রানির মুখে পড়তে হবে না জানিয়ে বদিউর রহমান বলেন, রাজস্ব বোর্ডের সদস্যরা ছাড়া অন্য কোনও সংস্থার সদস্যরা এ জরিপে অংশ নেবেন না। নতুন করদাতারা ২০০৮--২০০৯ অর্থবছরে কর দেওয়ার জন্য অন্তর্ভুক্ত হবেন।

বিবিসি রেডিওর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “করদাতাদের সঙ্গে সাবেকি আমলের জমিদারের নায়েবের মতো ব্যবহার করা যাবে না। তথ্য দিতে না চাইলে যেন জোর না করা হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”