নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের বাড়ির কর দিতে হবে না
মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে অনন্য এক উদ্যোগ নিয়েছে ১৩২ বছরের পুরনো নারায়ণগঞ্জ পৌরসভা। পৌর এলাকায় যেসব মুক্তিযোদ্ধার নিজস্ব ঘর--বাড়ি রয়েছে, তাদের আজীবন পৌরকর মওকুফ করে দেওয়া হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী অথবা তার পরিবারের লোকজনেরও ঘরবাড়ির পৌরকর মওকুফ করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ডা. সেলিনা হায়াত আইভী পৌর পরিষদের এই সিদ্ধান্তের কথা বুধবার সাংবাদিকদের জানান।
তিনি বলেন, এরইমধ্যে সরকারি গেজেট অনুসরণ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া তালিকা অনুযায়ী দুই শতাধিক মুক্তিযোদ্ধার নাম তালিকাভূক্ত করে তাদের পৌরকর মওকুফ করা হয়েছে।
তিনি জানান, যারা নারায়ণগঞ্জের বাইরে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ পৌর এলাকায় বসবাস করছেন তারাও পৌরসভায় যোগাযোগ করলে একই সুবিধা পাবেন।
তিনি আরও জানান, আগামী ৩১ মার্চ শহরের চাষাঢ়ায় পৌর শহীদ মিনারে পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানেই মুক্তিযোদ্ধাদের হাতে পৌরকর মওকুফের সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই স্বাধীনতা দিবসে পৌর সভা এই সিদ্ধান্ত নিয়েছে।
