২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সিটি করপোরেশনে প্যানেল চেয়ারম্যানের পদ সৃষ্টি করতে যাচ্ছে

চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়া অন্য পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের কার্যকাল আগামী জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ওই পাঁচটি করপোরেশনে বর্তমান নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করে যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 08:55 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সংবিধানের পরিপন্থী হবে বলে এবং  উচ্চ আদালতের নির্দেশনা থাকায় সরকার সিটি করপোরেশনগুলোতে আপাতত প্রশাসক নিয়োগ করছে না।  তবে পৌরসভার মতো সিটি করপোরেশনেও প্যানেল চেয়ারম্যানের পদ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে। এজন্য দ্রুত সিটি করপোরেশন অধ্যাদেশ সংশোধন করা হবে।

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনটি করপোরেশনের মেয়রের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন। এই তিন মেয়র হলেনÑÑ ঢাকার সাদেক হোসেন খোকা, রাজশাহীর মিজানুর রহমান মিনু এবং বরিশালের মজিবর রহমান সারোয়ার। অসুস্থ থাকায় খুলনার শেখ তৈয়েবুর রহমান ও সিলেটের বদরউদ্দিন আহমেদ কামরান বৈঠকে যোগ দিতে পারেননি বলে জানা গেছে। অন্যদিকে  চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী বর্তমানে জেলে আছেন। 

উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হবে সংবিধানের পরিপন্থী এবং এ ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। তাই সরকার প্রশাসক নিয়োগের ব্যাপারে কোন চিন্তা-ভাবনা করছে না। তাই বর্তমান নির্বাচিত প্রতিনিধিরাই মেয়াদ শেষের পরে পরবর্তী নির্বাচন পর্যন্ত তাদের দায়িত্ব পালন করে যাবেন।

তিনি বলেন, বর্তমানে যে কোন মেয়র তার অনুপস্থিতিতে কোন কমিশনারকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিতে পারেন। সেখানে সরকারের কিছু করার নেই। কিন্তু চট্টগ্রামের মেয়র গ্রেপ্তারের পর এ ক্ষেত্রে  একটি সমস্যার সৃষ্টি করেছে। এ অবস্থায় জটিলতা এড়াতে সরকার পৌরসভার মতো সিটি করপোরেশনেও প্যানেল চেয়ারম্যানের পদ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে।

এক্ষেত্রে প্রতিটি সিটি করপোরেশনের জন্য তিন থেকে পাঁচজন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হবে। ওয়ার্ড কমিশনারদের ভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হবে। মেয়রের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানরা তার দায়িত্ব পালন করবেন।

তবে বৈঠক শেষে মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের জানান, সরকার সিটি করপোরেশন অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে মেয়রের অনুপস্থিতিতে একজন কমিশনারকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

তিনি জানান, সরকার সিটি করপোরেশন অধ্যাদেশ সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষে যেনো কোন প্রশাসক নিয়োগ না করে, সেজন্য উপদেষ্টাকে জানানো হয়েছে। কারণ সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের কোন সুযোগ নেই। এটা করা হলে তা হবে  সংবিধানের পরিপন্থী। এ ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

মেয়র খোকা বলেন, চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীকে আটকের ব্যাপারেও উপদেষ্টার সঙ্গে তাদের কথা হয়েছে। উপদেষ্টা তার ব্যাপারে সহানুভূতিশীল রয়েছেন বলে জানিয়েছেন।

এ ছাড়াও উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা মেট্রোপলিটন সরকার বাস্তবায়ন, সিটি করপোরেশনগুলোকে প্রধান উপদেষ্টার (প্রধানমন্ত্রীর) কার্যালয়ের অধীনে স্থানান্তরসহ আগামী বাজেটে সিটি করপোরেশনগুলোর জন্য সরকারি অর্থের বরাদ্দ বাড়ানোর দাবি জানান।