দুদককে দুর্নীতি দমনে সহযোগিতা দেবে এনবিআর
দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান।
বুধবার কমিশনে দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, “কর সংক্রান্ত দুর্নীতির বিষয়ে কমিশনের পাশাপাশি এনবিআরও মামলা দায়ের করবে। কেউই আমাদেরকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না।”
তিনি বলেন, “যারা কর দেন না, তারা কর ফাঁকি দিচ্ছেন আমি সেটা বলতে চাইনা। আমার মনে হয় তারা ভুল করে তাদের কর দেননি। আমি সেই করের কথা তাদেরকে মনে করিয়ে দিতে চাই।”
এদিকে বুধবার বিকেলে আলাদা আলাদাভাবে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ব্রিটিশ দূতাবাস এবং বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধি দল। সাক্ষাত শেষে উভয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনকে বিভিন্ন বিষয়ে সহযোগিতার দেওয়ার জন্য কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাদের কথা হয়েছে।
এ ছাড়া দুপুর ১২টায় কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের নির্বাহী পরিচালক আলী যাকের। তবে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
