মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ফাঁসির আসামি একেএম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় থাই এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে গ্রহণ করার জন্য জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বুধবার বিকেলে নফহবংি২৪.পড়স কে জানান,
“মহিউদ্দিনকে গ্রহণ করার জন্য আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু তাকে পাঠানোর প্রক্রিয়া অপাতত কয়েকদিন স্থগিত রাখা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে ।”
এর আগে গত ১৫ মার্চ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ ৬০ বছর বয়সী মহিউদ্দিনকে তার লস এঞ্জেলসের বাসা থেকে গ্রেপ্তার করে।
১৯৯৬ সালে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি স্থায়ীভাবে সেখানে বসবাসের আবেদন করেছিলেন। কিন্তু গত মাসে সান ফ্রান্সিসকোর আদালত তার আবেদন নাকচ করে দেয়।
১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে আদালত সাবেক সেনা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিনসহ ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। উচ্চ আদালত এদের মধ্যে তিনজনকে বেকসুর খালাস দিয়ে ১২ জনের রায় বহাল রাখে।
