২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও কুড়িগ্রামে সার ডিলারসহ গ্রেপ্তার ৭

কুষ্টিয়া ও কুড়িগ্রামে সার পাচার ও জালিয়াতির মাধ্যমে সার বিক্রির অভিযোগে এক ডিলারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, ভেড়ামারা উপজেলা থেকে মঙ্গলবার রাতে গোপনে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ইউরিয়া সার পাচার করার সময় ৭১ বস্তা সারসহ ছয় জন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে পুলিশ লালনশাহ সেতুর টোলপ্লাজার পাশের রাস্তায় অভিযান চালিয়ে সারসহ পাচারকারীদের ঘিরে ফেলে।

এ সময় একটি নসিমন পরিবহন ও মিনি ট্রাক তল্লাশি করে ৭১ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ছয়জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ীর আবদুল গাফফার (৪৬), নবাবগঞ্জের আবুল কাশেম (৩৫), বাবলু (২২), বগুড়া জেলার শিবগঞ্জের রুস্তম আলী (৩৫), পাবনা জেলার ঈশ্বরদীর ফরিদ আহমেদ (৩৫) ও আবদুল আলীম (৩৫)।

সার পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদুর রহমান মল্লিক জানান, সার পাচার রোধে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং স্থানীয় কৃষি কর্মকর্তাদেরকে সার ডিলারদের গোডাউন নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, উলিপুর উপজেলায় দেলোয়ার হোসেন (৫০) নামে বিসিআইসির এক সার ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ইউরিয়া সারের বস্তার মুখ কৌশলে খুলে সার সরিয়ে আলাদাভাবে বিক্রি করার অভিযোগ প্রাথমিক ভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।