বরিশালে ধর্ষণের দায়ে দুলাভাইসহ ৫ জনের যাবজ্জীবন
বরিশালের বানারীপাড়ায় এক কিশোরীকে ধর্ষনের দায়ে দুলাভাইসহ পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেলায়েত হোসেন বুধবার দুপুর পৌনে ১ টার দিকে জনাকীর্ন আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নির্যাতিতা কিশোরীর দুলাভাই ফয়সাল হোসেন, তার বন্ধু সোহাগ, আবুল কালাম, রিকশা চালক জামাল এবং মিজানুর রহমান। এদের মধ্যে শেষের দুজন পলাতক রয়েছেন। অভিযুক্ত সবার বাড়ী বানারীপাড়া উপজেলার চৌহরীপাড়া গ্রামে।
বিচারক তার রায়ে বলেন, ধর্ষণের দায়ে ফয়সাল হোসেন, সোহাগ এবং আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং তাদের এ কাজে সহযোগিতা করার অপরাধে জামাল এবং মিজানুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হলো।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার চৌহরীপাড়া গ্রামের দুই বোন ২০০৪ সালের ১১ আগষ্ট খালার বাসায় যাওয়ার পথে শাখারীপাড়া ঈদগাহ এলাকায় অপহৃত হয়। অপহরণকারীদের মধ্যে এক বোনের স্বামী ফয়সালও ছিলেন। তার নেতৃত্বে আসামীরা দুজনকে স্থানীয় জাহাঙ্গীরের পরিত্যক্ত একটি বাসায় নিয়ে আটকে রাখে। ওই রাতে বিবাহিতা বোন সেখান থেকে পালিয়ে এলেও অন্যজনকে (১৫) কে তারা ধর্ষণ করে বাসায় ফেলে রেখে যায়।
পরদিন ১২ আগস্ট নির্যাতিতা কিশোরী বাদী হয়ে পাঁচজনকে আসামী করে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার ওসি নজরুল ইসলাম ২০০৫ সালের ২৪ জানুয়ারি ১০ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি মহসিন মন্টু এবং আসামী পক্ষে এনায়েত পীর খান।
