প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট বুশ
আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সার্কের বর্তমান চেয়ারপারসন ড. ফখরুদ্দীন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সার্কের চেয়ারপারসন ড. ফখরুদ্দীন আহমদকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বুশ বলেছেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং ঐক্য সুসংহতকরণের যে কোনো উদ্যোগকে তিনি সমর্থন করেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনের ব্যাপারে তাঁর দেশ সার্কের সঙ্গে একযোগে কাজ করবে।
