২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক, মামুন ও খোকনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এর বিরুদ্ধে মঙ্গলবার রাতে গুলশান থানায় আরেকটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

একই সঙ্গে তারেকের ঘনিষ্ঠ বন্ধু আলোচিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গুলশান ও কাফরুল থানায় দুইটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

গুলশান থানার এস আই রোকেয়া খানম জানান, (মামলা নং-১০২) ৬১, কাকরাইলের ব্যবসায়ী হারুন ফেরদৌস বাদি হয়ে তারেক রহমান ও তার বন্ধু মামুন, বাবুল কাজী ওরফে খাম্বা বাবুল, এনামুল হক, গিয়াস উদ্দিন আল কাইয়ুমকে আসামি করে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই মামলা দায়ের করে।

বাদির বরাত দিয়ে এস আই জানান, বাদির কাছ থেকে ২০০৩ সালের ২রা মার্চ থেকে ২০০৬ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে ৮১ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করেছে।

একই থানায় রাত সাড়ে আটটায় (মামলা নং-১০৩) গুলশান-১, নম্বর ১০৬ নম্বর রোডের ১৭ নম্বর বাস ভবনের বাসিন্দা ও রেজা কনষ্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন খান বাদি হয়ে গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক এমপি খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের সোহেল, কামরুজ্জামান, মাহবুব, হাবলু ও মোটা তারেককে আসামি করে ১ কোটি ৩২ লাখ টাকার অপর একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এসআই রোকেয়া জানান, এই সব আসামি ২০০৫ সালের ২৪শে জুন থেকে ২০০৬ সালের ২৬শে জুন পর্যন্ত অপহরণের হুমকি দিয়ে মুক্তিপণ ও চাঁদা হিসেবে ১ কোটি ৩২ লাখ টাকা বাদির নিকট থেকে আদায় করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কাফরুল থানায় মঙ্গলবার রেজা কনষ্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন খান বাদি (মামলা নম্বর ৬৮) হয়ে গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক এমপি খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের সোহেল, কামরুজ্জামান, মাহবুব, হাবলু ও মোটা তারেককে আসামি করে আরেকটি চাদাঁবাজির মামলা দায়ের করেছে।

কাফরুল থানার এএসআই মোঃ সোলায়মান জানান, বিকাল সাড়ে চারটায় বাদি নিজে এসে এই মামলা নথিভুক্ত করে গেছে।

যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে।

এর পরই ৮ মার্চ  আমিন আহম্মেদ ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এছাড়া কাফরুল থানায় তার বিরুদ্ধে একটি জিডিও করা হয়।

বাদি আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী--২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।  

যৌথবাহিনীর সদস্যরা গিয়াসউদ্দিন আল মামুনকে ২৫ মার্চ রাতে নিউ ডিওএইচএস এর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।