২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল হওয়া নির্বাচনের ভোটার তালিকাও বাতিল করেছে হাইকোর্ট

বাতিল হওয়া ২২ জানুয়ারির সংসদ নির্বাচনের জন্য প্রণয়ন করা ভোটার তালিকাকে হাইকোর্ট অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। একইসঙ্গে আদালত আইন ও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০০০ সালের তালিকার ভিত্তিতে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 10:30 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

হাইকোর্ট আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যালট বাক্স তৈরি করতেও  নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। এ ছাড়া ১৯৯৪ সালের আইন বাস্তবায়ন করে ভোটার পরিচয়পত্র করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত রায়ের সুপারিশে বলেছে, নির্বাচন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়ার জন্য এর সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আলাদা করতে হবে।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ ঢাকা--৬ আসনের একজন ভোটার কাজী মামনুর রশিদের দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে এই রায় প্রদান করে।

রায়ে আরও বলেছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয়--ব্যয়ের হিসাব ও সম্পদের উৎস নির্বাচন কমিশনকে জানাতে হবে।

গত ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার ভাষনে ২২ জানুয়ারির নির্বাচনের জন্য  তৈরি করা ভোটার তালিকাকে ত্র“টিপূর্ণ আখ্যায়িত করে বলেন, এই তালিকার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়।

গত ২৯ জানুয়ারি রাজধানীর রাজারবাগের মোমেনবাগের বাসিন্দা, ব্যবসায়ী কাজী মামনুর রশিদ বর্তমান ভোটার তালিকার বৈধতা নিয়ে রিটটি দায়ের করেন। ওই দিনই আদালত রুলনিশি জারি করে নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানতে চায়, কেন এই ভোটার তালিকা বাতিল করা হবে না এবং কেন নতুন ভোটার তালিকা প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে আদালত স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোটার পরিচয়পত্র করা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করে।

রিটটির ওপর শুনানিতে অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান বলেন, গতবছরের প্রথম দিকে হাইকোর্ট ও পরে আপিল বিভাগ ভোটার তালিকা নিয়ে দেওয়া রায়ে ২০০০ সালের প্রণীত ভোটার তালিকাকে ভিত্তি ধরে নতুন ভোটার তালিকা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আইন ও আপিল বিভাগের নির্দেশনা না মেনে ২২ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। এই ত্র“টিপূর্ণ ভোটার তালিকা জাতি প্রত্যাখ্যান করেছে। তাই এই ভোটার তালিকাকে পুরোপুরি বাতিল করতে হবে।

তিনি শুনানিতে আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আধুনিক প্রযুক্তি নির্ভর ভোটার তালিকা তৈরি করা প্রয়োজন। ভোটার আইডি কার্র্ড প্রণয়নের জন্য ১৯৯৪ সালের আইন বাস্তবায়ন করতে হবে। ১৯৯৬ সালের একটি আইন অনুযায়ী ১৯৯৪ সালের আইনটি রহিত করা হয়েছিল। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত বলে কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। ১৯৮২ সালে ব্রিগেডিয়ার এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়কে রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন করা হয়েছিল। পরে এটি প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীন করা হয়।

সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। চারদিন ধরে উভয়পক্ষের শুনানি গ্রহণ করে আদালত রায় প্রদান করে।