২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিনিধিদের কাছ থেকে চার আ. লীগ নেতার সম্পত্তির হিসাব নিল দুদক

উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার প্রতিনিধিদের কাছ থেকে আওয়ামী লীগের চার নেতার স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ, আখতারুজ্জামান বাবু, হাজি মো. সেলিম এবং হাজি মকবুল হোসেনের সম্পত্তির হিসাব দিয়েছেন তাদের মনোনীত প্রতিনিধিরা।

আবুল হাসানাতের পক্ষে তার স্ত্রী শাহান--আরা আব্দুল্লাহ বিকেল সোয়া ৩ টার দিকে কমিশনের পরিচালক তানকিন হক সিদ্দিকীর কাছে দাখিল করা সম্পত্তির বিবরণীতে প্রায় ১ কোটি টাকা, ১ টি বাড়ি এবং ৪০ একর কৃষি জমি থাকার কথা উল্লেখ করেন।

কমিশনের পরিচালক ওয়াদুদ ভূঁইয়ার কাছে আইনজীবীর মাধ্যমে দাখিল করা সম্পত্তির বিবরণীতে আখতারুজ্জামান বাবু তার নামে ৯ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ১’শ ৭৯ টাকার সম্পত্তি থাকার কথা জানান।

কমিশনের পরিচালক জাহানারা পারভিনের কাছে আইনজীবীর মাধ্যমে দাখিল করা বিবরণীতে হাজি মকবুল হোসেনের নামে ৭২ লাখ ৬৫ হাজার ৭’শ টাকার শেয়ার, ব্যাংকে ২ লাখ ৬৩ হাজার ১২ টাকা, তিনটি বাড়ি, সাড়ে ১২ একর জায়গা এবং ৫২ শতাংশ কৃষি জমি থাকার কথা উল্লেখ করা হয়েছে।

একই পরিচালকের কাছে দাখিল করা হাজি মো. সেলিমের সম্পত্তির বিবরণ জানা যায়নি। 

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন কমিশনে গিয়ে  চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে কী নিয়ে কথা বলেছেন-- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

অভিযোগ যাচাই--বাছাই কমিটি কাজ শুরু করছে 

কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া বিভিন্ন অভিযোগ যাচাই--বাছাই করার জন্য উপ--পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে গঠিত ৫ সদস্যের কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে।

দুর্নীতির বিরুদ্ধে কমিশনের চলমান অভিযানের কারণে প্রতিদিন শ’ শ’ অভিযোগ জমা পড়ছে কেন্দ্রীয় কার্যালয়ে রাখা অভিযোগ বাক্সে।