সাকা চৌধুরীর জামিন আবেদন ফের নাকচ
খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর জামিনের আবেদন মঙ্গলবার আবারও নাকচ করে দিয়েছে আদালত।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম বশির উল্লাহ একটি চাঁদাবাজির মামলায় সাবেক এই সাংসদের জামিনের আবেদন নাকচ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
আদালত সূত্র জানায়, গত ১৬ ফেব্র“য়ারি চন্দ্রঘোনার রাজা মিয়া চৌধুরী বিএনপি নেতা সাকা চৌধুরীকে প্রধান আসামী করে এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ওই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ৩০ মে সাকা চৌধুরীর লোকজন তার কাছ থেকে জোরপূর্বক এক লাখ টাকা চাঁদা আদায় করে। এতোদিন ভয়ে তিনি মামলা দায়ের করতে পারেননি।
আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করে দেন।
সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হেনা জানিয়েছেন, আদালত বলেছে, বর্তমানে মামলাটির প্রাথমিক তদন্ত কাজ চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে জামিনের আবেদন নাকচ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পিপি কফিল উদ্দিন চৌধুরী।
যৌথ বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাঙ্গুনীয়া থানায় তিনটি চাঁদাবাজিসহ মোট চারটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে আমলি আদালতেও এই মামলায় জামিনের আবেদন নাকচ করা হয়েছিল।
