২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে রাজনীতির শিকার বলে দাবি করলেন মহিউদ্দিন

যুক্তরাষ্ট্রে আটক বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামী একেএম মহিউদ্দিন আহমেদ দাবি করেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় তার কোনো সমপৃক্ততা নেই। যুক্তরাষ্ট্রের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি রাজনীতির শিকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

২৬ মার্চ সাউথ ক্যালিফোর্নিয়া পাবলিক রেডিওতে একেএম মহিউদ্দিন আহমেদের সাক্ষাতকারটি সম্প্রচার হয়। তবে সাক্ষাতকারটি কখন নেওয়া হয়েছে তা পরিষ্কার নয়।

সাক্ষাতকারটি অডিও ক্লিপ থেকে অনুবাদ করা হয়েছে।

(সাক্ষাতকারের প্রথম প্রশ্নটি অডিও ক্লিপে পাওয়া যায়নি)

মহিউদ্দিন : তিনি (শেখ মুজিবর রহমান) সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, সব পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিলেন যার জন্য গণতান্ত্রিক কোনো উপায়ে তাকে সরানোর কোনো পথ ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি না তাঁকে মারার পরিকল্পনা তাদের ছিল।

রেডিও : আপনি অভ্যুথানের খবর পেলেন  কখন?

মহিউদ্দিন : ঘটনার রাতেই প্রথম ব্যাপারটা সম্পর্কে আমি জানলাম এবং এভাবেই আমার স¤পৃক্ততা। বলতে পারেন ঘটনাটা ঘটার ঘণ্টাখানেক আগে আমি ব্যাপারটা জানতে পারি।

রেডিও : জানা যাচ্ছে বিচারের সময় একজন স্বাক্ষী বলেছেন আপনি তাকে (মুজিব) হত্যার সময় সেখানে ছিলেন।

মহিউদ্দিন : শেখের হত্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে স্রেফ ঢাকার রাজপথে একটি রাস্তায় প্রতিবন্ধকতা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।

রেডিও : অভ্যুথানে অংশ নেওয়ার অভিযোগে আপনার বিচার হয়েছে এবং শাস্তিও হয়েছে। বলতে চাচ্ছেন আপনি ন্যায় বিচার পাননি?

মহিউদ্দিন : একদমই না। বিচারের সময় স্বাক্ষীদের নির্যাতন করা হয়েছিল তাদের শেখানো কিছু বক্তব্য বলার জন্য। এ ছাড়া সরকারীভাবেও লাঠি ও সশস্ত্র মিছিল বের করা হয়েছিল যাতে তাদের ইচ্ছেমতো রায় দেওয়া ছাড়া কোনো বিচারকের অন্য কোনো উপায় না থাকে।

রেডিও : যুক্তরাষ্ট্র সরকার আপনার ব্যাপারটা কিভাবে সামলেছে বলে মনে করেন?

মহিউদ্দিন : না, আমার কোনো অভিযোগ নেই। শুধু বিচারকের ব্যাপারে কিছু বলব। আমার মনে হয় সে সময়কার ইতিহাস সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

আমি মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম যাতে তারা এমন একজন দক্ষ বিচারককে দায়িত্ব দেয় যার ইতিহাস জ্ঞান আছে... যিনি সে সময়কার ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানেন... যার অন্য দেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে জানা আছে, কিভাবে সে দেশগুলো চলে।

রেডিও : ব্যাপারটা কিভাবে দেখছেন/নিচ্ছেন?

মহিউদ্দিন : আমার মনে একটাই চিন্তা। আমি খুবই সোজাসাপ্টা মানুষ। কোনো কিছুতেই আমার ভয় নেই। যদি মরতে হয় মরব। মৃত্যু তো আসবেই-- আজ না হলে পরদিন। একদিন মরতে হবেই। রাজনীতির শিকার হয়ে অনেক মানুষকেই জীবন দিতে হয়েছে, আরো অনেক কিছু খোয়াতে হয়েছে। হয়তো আমিও সেরকম শিকারদের একজন।